পরিবেশ-জলবায়ু
বৃষ্টির দাপট আরও কয়েক দিন থাকবে জানাল আবহাওয়া অফিস
দেশজুড়ে যেন থামছেই না বৃষ্টি। রাজধানী ঢাকাসহ দেশের প্রায় প্রতিটি অঞ্চলে সক্রিয় মৌসুমি বায়ুর কারণে গত কয়েকদিন ধরেই চলছে একটানা বৃষ্টিপাত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টির ধারা আগামী চার দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারি বর্ষণও।
শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানান, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা বেড়েছে। আজ সারা দিনই আকাশ মেঘলা থাকবে এবং রোদ দেখা যাওয়ার সম্ভাবনা খুব কম। রাজধানীতে দুপুর পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে। যদিও দুপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, তবে পুরোপুরি বন্ধ হওয়ার সম্ভাবনা নেই।
ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগেও বিস্তৃত অঞ্চলে বৃষ্টি হতে পারে। এর মধ্যে কিছু এলাকায় ভারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, কোনো এলাকায় যদি ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়, সেটিকে ভারি বৃষ্টি হিসেবে ধরা হয়।
তরিফুল নেওয়াজ আরও জানান, আগামীকাল শনিবার থেকে দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টি কিছুটা কমে এলেও উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। ফলে সেসব অঞ্চলের বাসিন্দাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।