পরিবেশ-জলবায়ু
হিমেল হাওয়ায় কাঁপছে উত্তরাঞ্চল, দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
দেশজুড়ে ধীরে ধীরে বইতে শুরু করেছে শীতের আমেজ। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে জেঁকে বসতে শুরু করেছে শীত। ভোরের দিকে কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ, সঙ্গে বইছে হিমেল হাওয়া।
আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার (৯ নভেম্বর) সকাল ৬টায় সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন সেখানে তাপমাত্রা ছিল ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় ভোরে হালকা কুয়াশা পড়তে পারে। পাশাপাশি সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, “দিনের দৈর্ঘ্য কমে আসছে, ফলে সূর্যালোকের সময় কম থাকায় তাপমাত্রা দ্রুত নিচে নামছে। আজ সকালে ঢাকাসহ দেশের প্রায় সব অঞ্চলে হালকা শীত অনুভূত হয়েছে। উত্তরাঞ্চলে শীত বেশ জেঁকে বসেছে। তবে চট্টগ্রাম অঞ্চলে এখনো তুলনামূলক গরম আবহাওয়া বিরাজ করছে। সামনের সপ্তাহগুলোতে তাপমাত্রা আরও কমতে থাকবে।”
এদিকে ঢাকা ও আশপাশের অঞ্চলের জন্য আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস।
আজ সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৫ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১০ মিনিটে।