স্বাস্থ্য
ডেঙ্গুতে নতুন করে হাসপাতালে ভর্তি ১৩৮
দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
শুক্রবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত (১ আগস্ট পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২১ হাজার ১১৮ জন। এর মধ্যে মারা গেছেন ৮৩ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ৯৩ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ১৯ হাজার ৭২৮ জন ডেঙ্গুরোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৫৮ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ২ শতাংশ নারী।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, মশা নিধন কার্যক্রম জোরদার এবং সময়মতো চিকিৎসা গ্রহণের ওপর গুরুত্ব দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।