সারাবিশ্ব
নেপালের নতুন ১০০ রুপির নোটে ভারতের দাবিকৃত ৩ অঞ্চল
নতুন ১০০ রুপির নোট বাজারে ছেড়েছে নেপাল। আর নতুন এই নোটে যে মানচিত্র ব্যবহার করা হয়েছে, তাতে আবারও স্পষ্টভাবে উঠে এসেছে তিন বিতর্কিত এলাকা—কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরা। অঞ্চলগুলো ভারতের নিয়ন্ত্রণে থাকলেও নেপাল নিজের ভূখণ্ড বলে দাবি করে আসছে।
নতুন নোট প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার নেপাল রাষ্ট্রীয় ব্যাংক জানায়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পুরোনো নোটে থাকা মানচিত্র সংশোধন করেই এটি প্রকাশ করা হয়েছে। নোটটি ইস্যু করা হয়েছে ২০৮১ নেপালি বর্ষে (২০২৪), সাবেক গভর্নর মহাপ্রসাদ অধিকারীর স্বাক্ষরে।
জেন জি-র আন্দোলনের পর ওলি সরকারের পতনের পর দায়িত্ব নেয় সুশীলা কার্কির নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এই সরকারের আমলেই নতুন নোটটি প্রথমবারের মতো বাজারে এল।
২০২০ সালে ওলি সরকার যে রাজনৈতিক মানচিত্র প্রকাশ করেছিল, সেখানে প্রথমবার লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরাকে নেপালের অংশ হিসেবে দেখানো হয়। ভারত তখন এ সিদ্ধান্তকে ‘একতরফা’ বলে অভিহিত করে কড়া প্রতিক্রিয়া জানায়। তাদের দাবি, তিন অঞ্চলই ভারতের।
নতুন ১০০ রুপির নোটের বাম পাশে আছে মাউন্ট এভারেস্টের ছবি। ডান পাশে দেখা যায় রডোডেনড্রনের জলছাপ। মাঝখানে ফিকে সবুজ রঙে ছাপা নেপালের মানচিত্র। পাশাপাশি আছে অশোক স্তম্ভ—লেখা রয়েছে ‘লুম্বিনী, ভগবান বুদ্ধের জন্মস্থান’। পেছনে রয়েছে একশৃঙ্গ গণ্ডারের ছবি। নোটে ব্যবহার করা হয়েছে নিরাপত্তা থ্রেড ও বিশেষ কালো বিন্দু।
ভারতের সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড এই পাঁচ রাজ্যের সঙ্গে নেপালের রয়েছে ১ হাজার ৮৫০ কিলোমিটারের বেশি সীমান্ত। নতুন নোটে সংশোধিত মানচিত্র ছাপার পর দুই দেশের সীমান্ত–অঞ্চল নিয়ে পুরোনো উত্তেজনা আবারও সামনে এসেছে।