সারাবিশ্ব
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও অন্তত ১১০
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় আরও অন্তত ১১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১২ জুলাই) দিনভর এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে গাজার বিভিন্ন হাসপাতাল সূত্র। খবর আল জাজিরার।
এই হামলার মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটেছে বিতর্কিত মার্কিন-ইসরায়েলি মানবাধিকার সংস্থা ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ)-এর একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে। প্রত্যক্ষদর্শীদের মতে, ইসরায়েলি সেনারা সেখানে অতর্কিতে গুলি চালায়। ওই সময় অসংখ্য বেসামরিক মানুষ খাদ্য সহায়তা নিতে কেন্দ্রে জড়ো হয়েছিলেন। হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান অন্তত ৩৪ জন বেসামরিক ফিলিস্তিনি।
এছাড়াও, ইসরায়েলি বিমান বাহিনী গাজার ঘনবসতিপূর্ণ এলাকা আল-শাতি শরণার্থী শিবিরে বোমা হামলা চালায়। এই হামলায় বহু মানুষ হতাহত হন, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাও উল্লেখযোগ্য। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক ও স্বেচ্ছাসেবীরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত মোট ৫৭,৮৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে ১,৩৮,০৯৫ জন।
এই মানবিক বিপর্যয় নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় বারবার উদ্বেগ প্রকাশ ও যুদ্ধবিরতির আহ্বান জানালেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বরং ইসরায়েলের হামলা আরও ভয়াবহ রূপ ধারণ করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মানবাধিকার সংস্থাগুলো।
বিশেষজ্ঞরা বলছেন, ত্রাণ বিতরণ কেন্দ্র কিংবা শরণার্থী শিবিরে হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের শামিল। তবুও আন্তর্জাতিক চাপ ও নিন্দার মুখেও হামলা থামছে না, বরং বেড়েই চলেছে।