সারাবিশ্ব

গাজায় ক্ষুধা ও অপুষ্টিতে মৃত্যুর মিছিল, ৮০ শিশুসহ নিহত ১০১


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৯:২৯ এএম

গাজায় ক্ষুধা ও অপুষ্টিতে মৃত্যুর মিছিল, ৮০ শিশুসহ নিহত ১০১
ছবি: সংগৃহীত

গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে ভয়াবহ মানবিক বিপর্যয় ক্রমেই তীব্র হচ্ছে। নাসের মেডিকেল কমপ্লেক্সের তথ্যমতে, মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে আরও ১৫ জন মানুষ মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে এ ধরনের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০১ জনে, যার মধ্যে ৮০ জনই শিশু।

হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ফেসবুক পোস্টে জানায়, "ক্ষুধা ও অপুষ্টির কারণে শহীদদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।" যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে খাদ্য, ওষুধ, নিরাপদ আশ্রয় ও চিকিৎসাসেবা সবকিছুরই তীব্র সংকট দেখা দিয়েছে।

গাজায় মানবিক সহায়তা প্রদানরত আমেরিকান চিকিৎসক ড. আমবিরিন সালিমি পরিস্থিতিকে বর্ণনা করেছেন "বিপর্যয়কর" হিসেবে। তিনি বলেন, "এখানে সবকিছুই চরমভাবে নিষ্ঠুর। না আছে খাবার, না ওষুধ, না আশ্রয়, না নিরাপত্তা। অবরোধ এবং গণহত্যার যুদ্ধের মাঝে সবকিছুই হারিয়ে গেছে।"

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যদি দ্রুত ও পর্যাপ্ত মানবিক সহায়তা না পৌঁছায়, তবে মৃতের সংখ্যা আরও বহুগুণে বাড়বে। ইতিমধ্যে বহু শিশুর শরীর চরম অপুষ্টির কারণে দুর্বল হয়ে পড়েছে এবং প্রয়োজনীয় পুষ্টি ও চিকিৎসা না পেলে তারা মৃত্যু ঝুঁকিতে রয়েছে।

আন্তর্জাতিক সংস্থাগুলো অবিলম্বে অবরোধ তুলে দিয়ে পর্যাপ্ত খাদ্য, ওষুধ ও চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছে। তবে চলমান সংঘাত ও অবরোধের কারণে মানবিক সহায়তা কার্যক্রম কার্যকরভাবে পরিচালনা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

গাজার আকাশে প্রতিনিয়ত ধ্বংস আর মৃত্যু ঝরছে, আর তার ছায়ায় হারিয়ে যাচ্ছে শিশুরা—শুধু বেঁচে থাকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে।