সারাবিশ্ব
সিরিয়ায় অন্তর্বর্তী সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা
দীর্ঘ ১৪ বছরের গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার পর অন্তর্বর্তী সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে সিরিয়া। চলতি বছরের সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।
মূলত যুদ্ধবিধ্বস্ত দেশটিতে নতুন আইনসভা গঠন ও শাসনব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় সময় রোববার (২৭ জুলাই) সিরিয়ান নির্বাচনী কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ঘোষণা আসে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফ্রান্স ২৪।
গত বছরের ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির আইনসভা ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন আহমেদ আল-শারা। নতুন সরকার সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্যে পাঁচ বছর মেয়াদে অন্তর্বর্তীকালীন পরিকল্পনা ঘোষণা করে। এই নির্বাচনের মাধ্যমে মূলত তার নেতৃত্বকে আরও প্রাতিষ্ঠানিক ও শক্তিশালী করার পথে এগোচ্ছে সিরিয়া, এমনটাই মত বিশ্লেষকদের।
এরই অংশ হিসেবে গত জুনে রাষ্ট্রপতির আদেশে গঠন করা হয় ১০ সদস্যবিশিষ্ট একটি নির্বাচনী কমিটি। এই কমিটির নেতৃত্বে রয়েছেন মোহাম্মদ তাহা আল-আহমাদ। তিনি জানান, আসন্ন সংসদে মোট ২১০ জন আইনপ্রণেতা থাকবেন। এর মধ্যে ১৪০ জনকে নির্বাচন করবে স্থানীয় নির্বাচনী সংস্থাগুলো, আর বাকিদের—অর্থাৎ ৭০ জনকে—মনোনয়ন দেবেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।
প্রেসিডেন্ট শারার সঙ্গে আলোচনার ভিত্তিতে এ পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে বলে জানান মোহাম্মদ তাহা। তিনি আরও বলেন, আগামী ১৫ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। এবারের নির্বাচনে নারীদের জন্য প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
নতুন নির্বাচিত সংসদ পরবর্তী স্থায়ী সংবিধান প্রণয়ন ও চূড়ান্ত সাধারণ নির্বাচন না হওয়া পর্যন্ত আইন প্রণয়নের পূর্ণ ক্ষমতা পাবে। ফলে এই অন্তর্বর্তীকালীন আইনসভা দেশটির পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
দীর্ঘ যুদ্ধ ও বিপর্যয়ের পর এই নির্বাচন দেশটির জন্য এক নতুন রাজনৈতিক যাত্রার সূচনা করবে বলে আশা করা হচ্ছে।