সারাবিশ্ব

শত শত জলপাই গাছ ও হাজারো ভবন ধ্বংস করল ইসরায়েল


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ০২:১৮ পিএম

শত শত জলপাই গাছ ও হাজারো ভবন ধ্বংস করল ইসরায়েল
ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরের আল-মুগাইর গ্রামে ইসরায়েলি সামরিক বাহিনীর তত্ত্বাবধানে বুলডোজার দিয়ে শত শত গাছ উপড়ে ফেলা হয়েছে। ধ্বংস হওয়া গাছগুলোর অধিকাংশই ছিল জলপাই, যা ফিলিস্তিনিদের অর্থনীতি, সংস্কৃতি ও জীবিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্থানীয় কৃষক আবদেলাতিফ মোহাম্মদ আবু আলিয়া জানান, তার যত্নে বেড়ে ওঠা ৭০ বছরের পুরোনো জলপাই গাছগুলো ইসরায়েলি বাহিনী ধ্বংস করেছে। তিনি বলেন, “আমাদের প্রজন্মের পর প্রজন্ম ধরে লালিত গাছগুলো এক নিমিষে মুছে দেওয়া হলো।” তবে তিনি ও অন্যান্য গ্রামবাসী নতুন করে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন।

স্থানীয় কৃষি সংগঠক ঘাসান আবু আলিয়া অভিযোগ করে বলেন, ইসরায়েল পরিকল্পিতভাবে গ্রাম দখলের চেষ্টা করছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এভাবে গ্রামবাসীদের উচ্ছেদ করে ধীরে ধীরে পুরো পশ্চিম তীরজুড়ে এমন কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে।

অন্যদিকে, ইসরায়েলি বাহিনী গত রবিবার (২৪ আগস্ট) গাজার বিভিন্ন এলাকায় অন্তত ৫১ ফিলিস্তিনিকে হত্যা করেছে। গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে, ৬ আগস্ট থেকে এখন পর্যন্ত শুধু গাজা সিটির জেইতাউন ও সাবরা অঞ্চলে এক হাজারটির বেশি ভবন ধ্বংস করা হয়েছে।

ক্রমবর্ধমান মানবিক সংকটের প্রেক্ষাপটে আরব ও ইসলামিক দেশগুলো জেদ্দায় ইসলামিক কো-অপারেশন অর্গানাইজেশনের (ওআইসি) জরুরি বৈঠকে মিলিত হয়েছে। সেখানে গাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছে, ইসরায়েলি হামলায় সানার প্রেসিডেন্ট প্রাসাদ ও জ্বালানি স্থাপনায় আঘাত হানা হয়েছে। এতে অন্তত চারজন নিহত এবং ৬৭ জন আহত হয়েছেন।

বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনের জলপাই গাছ ধ্বংস থেকে শুরু করে গাজায় ধারাবাহিক বোমাবর্ষণ—সবকিছুই ফিলিস্তিনিদের জীবন ও সংস্কৃতি ধ্বংস করার পরিকল্পিত কৌশলের অংশ।

তথ্যসূত্র: আলজাজিরা, এএফপি।