সারাবিশ্ব

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে পাঁচ শতাধিক নিহত: মানবাধিকার সংস্থা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৮:৪৭ এএম

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে পাঁচ শতাধিক নিহত: মানবাধিকার সংস্থা
ছবি: সংগৃহীত

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৫০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।

রোববার (১১ জানুয়ারি) সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এইচআরএএনএ জানায়, ইরানের ভেতরে ও বাইরে অবস্থানরত তাদের কর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করে গত দুই সপ্তাহে অন্তত ৪৯০ জন বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই সময়ের মধ্যে দেশজুড়ে ১০ হাজার ৬০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

২০২২ সালের পর এবারই ইরানে সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলনের মুখে পড়েছে দেশটির শাসকগোষ্ঠী। চলমান এই বিক্ষোভ পরিস্থিতিকে সরকারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। এ প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগ করা হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে।

তবে ইরান সরকার এখন পর্যন্ত হতাহত বা গ্রেপ্তারের কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেনি। একই সঙ্গে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করা তাদের পক্ষে সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ইরানে প্রথমে বিক্ষোভ শুরু হয়। তবে অল্প সময়ের মধ্যেই তা সরকারবিরোধী ব্যাপক আন্দোলনে রূপ নেয়। ইরান সরকারের অভিযোগ, এই বিক্ষোভে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইন্ধন জোগাচ্ছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে গত বৃহস্পতিবার থেকে ইরান প্রায় সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে। ফলে দেশটির ভেতরের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া আরও কঠিন হয়ে উঠেছে।

সূত্র: রয়টার্স