সারাবিশ্ব

ইসরায়েলি হামলায় ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব নিহত


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৭:০৩ পিএম

ইসরায়েলি হামলায় ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব নিহত
ইরানের গোয়েন্দাবিষয়ক মন্ত্রী ইসমাইল খতিব। ছবি: সংগৃহীত

ইসরায়েলি হামলায় ইরানের গোয়েন্দাবিষয়ক মন্ত্রী ইসমাইল খতিব নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। মঙ্গলবার রাতের ওই হামলায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইরান সরকার।

এই দাবি সত্য হলে, মাত্র দুই দিনের ব্যবধানে ইরানের শীর্ষ পর্যায়ের তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটল। এর আগে ইসরায়েলি হামলায় নিহত হন ইরানের জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট প্রভাবশালী নেতা আলি লারিজানি এবং বাসিজ বাহিনীর প্রধান গোলামরেজা সোলেইমানি।

ইসরায়েলি সূত্রগুলো বলছে, সাম্প্রতিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব হামলা চালানো হয়েছে এবং আরও উচ্চপর্যায়ের ইরানি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার অনুমোদনও দেওয়া হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইতোমধ্যে এ বিষয়ে সামরিক বাহিনীকে আগাম ছাড়পত্র দিয়েছেন বলেও দাবি করা হয়েছে।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, একজন বা দুজন নেতার মৃত্যুতে ইরানের রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়বে না। তার মতে, দেশটির সরকার কোনো একক ব্যক্তিনির্ভর নয়।

বিশ্লেষকদের মতে, টানা হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বে বড় ধাক্কা লাগলেও তা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা এখনো অনিশ্চিত।