সারাবিশ্ব

ইসরায়েলি হামলায় ইরানের ২ সেনা কর্মকর্তা নিহত, বাড়ছে উত্তেজনা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:২০ পিএম

ইসরায়েলি হামলায় ইরানের ২ সেনা কর্মকর্তা নিহত, বাড়ছে উত্তেজনা
ছবি: সংগৃহীত

ইসরায়েলের চালানো এক বিমান হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ইউনিটের দুই উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতরা হলেন বাহমান হোসেইনি ও আলিরেজা আবিরি।

তেহরানের আকাশসীমা রক্ষার দায়িত্ব পালনকালে ইসরায়েলি হামলায় তারা প্রাণ হারান। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের বরাতে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। গত সোমবার চালানো ওই হামলায় তারা নিহত হন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, মঙ্গলবার (৯ জুন) নিহত দুই কর্মকর্তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

এদিকে চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও গত রোববার ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালালে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। এর জবাবে ইরান উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলও ইরানের ওপর দফায় দফায় বিমান হামলা পরিচালনা করে।

সোমবারও উভয়পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত ছিল।

পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে ইরান ও ইসরায়েল সাময়িকভাবে একে অপরের ওপর সামরিক হামলা স্থগিত করতে সম্মত হয়েছে। তবে লেবাননে নতুন করে হামলা চালানো হলে কঠোর জবাব দেওয়া হবে বলে উভয় পক্ষই সতর্ক করেছে।