সারাবিশ্ব
খামেনির শেষ বিদায় ঘিরে নিজেদের আকাশসীমা বন্ধ করল ইরান
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় উপলক্ষে রাজধানী তেহরানের আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৬ জুলাই) এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
ইরানের শিক্ষার্থী সংবাদ সংস্থা ‘ইসনা’র প্রতিবেদনে বলা হয়, রবিবার (৫ জুলাই) পর্যন্ত ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকলেও স্মরণসভা ও আনুষ্ঠানিকতার কারণে সোমবার তেহরানের প্রধান দুটি বিমানবন্দর—মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর ও ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিত থাকবে।
কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার মেহরাবাদ বিমানবন্দরে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হওয়ার কথা থাকলেও ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর ওই দিনও বন্ধ থাকবে।
এছাড়া চূড়ান্ত দাফন অনুষ্ঠানকে কেন্দ্র করে আগামী ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের আকাশসীমা বন্ধ রাখা হবে। একই সঙ্গে শহীদ হাশেমিনেজাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রমও পুরোপুরি স্থগিত থাকবে।
৭ ও ৮ জুলাই দেশের অন্যান্য অঞ্চলে ফ্লাইট চলাচলে কোনো বিধিনিষেধ না থাকলেও শেষ দিনের আনুষ্ঠানিকতার সময় মাশহাদগামী ফ্লাইটের ক্ষেত্রে বিশেষ বিধিনিষেধ আরোপ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: দ্য মিডল ইস্ট আই