সারাবিশ্ব

জর্ডানে যুক্তরাষ্ট্রের ‘প্রিন্স হাসান’ বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১২:১৭ পিএম

জর্ডানে যুক্তরাষ্ট্রের ‘প্রিন্স হাসান’ বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ছবি: সংগৃহীত

জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাব হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি।

রোববার (১২ জুলাই) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর এক বিবৃতিতে এ দাবি করে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি এ তথ্য প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, ইরানের এরোস্পেস ফোর্স পরিচালিত হামলায় ঘাঁটির কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র এবং এমকিউ-৯ রিপার ড্রোনের হ্যাঙ্গার ধ্বংস করা হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে ইরানের পাল্টা প্রতিক্রিয়ার প্রথম ধাপ বলে উল্লেখ করা হয়।

এদিকে হরমুজ প্রণালির দক্ষিণে অবৈধ নৌপথ দিয়ে কয়েকটি জাহাজ চলাচলের চেষ্টা করলে তা প্রতিহত করার কথাও জানিয়েছে ইরানি বাহিনী। একই সময়ে সাইপ্রাসের পতাকাবাহী একটি কনটেইনার জাহাজে হামলার ফলে আগুন লাগে এবং জাহাজটির ইঞ্জিন কক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় একজন বেসামরিক নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

এর আগে চলতি সপ্তাহে ইরানের বিরুদ্ধে তৃতীয় দফা হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে দক্ষিণ ইরানের উপকূলীয় সামরিক ঘাঁটি ও টেলিযোগাযোগ টাওয়ার লক্ষ্য করে বিমান হামলা করা হয়। এসব ঘটনার ধারাবাহিকতায় জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে হামলার দাবি জানায় ইরান।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ওমানের সুলতানের ওপর চাপ প্রয়োগের চেষ্টা চালিয়েছে। একই সঙ্গে সতর্ক করে জানানো হয়, যুক্তরাষ্ট্র আগ্রাসন অব্যাহত রাখলে এর জবাবে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।