সারাবিশ্ব

এবার বিশ্বের সব দেশকে সতর্ক করল ইরান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৯:১৬ পিএম

এবার বিশ্বের সব দেশকে সতর্ক করল ইরান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহায়তা করা দেশগুলোকে কড়া সতর্কবার্তা দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞা মেনে চলা কিংবা তা কার্যকরে সহায়তা করা থেকে সব দেশের বিরত থাকা উচিত। কোনো দেশ যুক্তরাষ্ট্রকে এ ক্ষেত্রে সহায়তা করলে তাদেরও ওয়াশিংটনের সমান অপরাধী হিসেবে বিবেচনা করা হবে।

শুক্রবার (২৮ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিশেষ বার্তায় এ সতর্কবার্তা দেয়। বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা হয়। এ বিষয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা সম্পূর্ণ বেআইনি, অযৌক্তিক ও নিন্দনীয়। তেহরানের দাবি, আন্তর্জাতিক আইনি নীতি লঙ্ঘন করে নেওয়া এ ধরনের পদক্ষেপ রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ও মানবতাবিরোধী অপরাধের শামিল।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশটির লাখ লাখ সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, অর্থনীতি ও স্বাস্থ্যসেবা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।

তেহরান সতর্ক করে বলেছে, কোনো রাষ্ট্র যদি যুক্তরাষ্ট্রের বেআইনি সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়তা করে, তাহলে তারা একটি দেশের অবৈধ সিদ্ধান্ত অন্য দেশের ওপর চাপিয়ে দেওয়ার কর্মকাণ্ডে সমানভাবে অংশীদার হবে।

একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বিশ্বজুড়ে আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানিয়েছে ইরান। দেশটি আরও বলেছে, যুক্তরাষ্ট্রের সামরিক বা অর্থনৈতিক হামলা থেকে নিজেদের সার্বভৌমত্ব ও নাগরিকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে তারা দ্বিধা করবে না।

এর আগে গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক ইতিহাসের অন্যতম কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, ওয়াশিংটনের নির্দেশনা অমান্য করে যেসব দেশ বা প্রতিষ্ঠান ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক লেনদেন চালিয়ে যাবে, তাদের বিরুদ্ধেও কঠোর ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।