সারাবিশ্ব

৫ বছরে ২০ লাখ মেয়েকে প্রেমের প্রস্তাব, একটাই ডেট! প্রেমে ব্যর্থতার রেকর্ড


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৫:১৮ পিএম

৫ বছরে ২০ লাখ মেয়েকে প্রেমের প্রস্তাব, একটাই ডেট! প্রেমে ব্যর্থতার রেকর্ড
হেইডেন। ছবি: সংগৃহীত

প্রেমের খোঁজে ডেটিং অ্যাপের দ্বারস্থ হয়েছিলেন যুক্তরাষ্ট্রের হেইডেন নামে এক তরুণ। কিন্তু গত পাঁচ বছরে ২০ লাখ তরুণীকে পছন্দ করা সত্ত্বেও মাত্র একবারই ডেটে যেতে পেরেছেন তিনি। বাকি সময়জুড়ে কেবল প্রত্যাখ্যান আর হতাশার গল্প!

সম্প্রতি ‘ভিভিড_গুজ়_৪৩৫৮’ নামে একটি রেডিট অ্যাকাউন্ট থেকে হেইডেনের ডেটিং অ্যাপ প্রোফাইলের স্ক্রিনশট ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখান থেকেই জানা যায়, বর্তমানে তার বয়স ২৬ বছর এবং তিনি নারীদের প্রতি আগ্রহী।

ডেটিং অ্যাপে 'রাইট সোয়াইপ' মানে হচ্ছে কাউকে পছন্দ করা। হেইডেন গত পাঁচ বছরে প্রায় ২০ লাখ নারীর প্রোফাইলে ‘রাইট সোয়াইপ’ করেছেন। বিপরীতে মাত্র ২০৫৩ জনের সঙ্গে ম্যাচ হয়েছিল তার। কিন্তু সেখানেও গল্প বেশি দূর এগোয়নি।

hayder1_Dhakaprokash.jpg

হেইডেন জানিয়েছেন, এত ম্যাচের মধ্যেও মাত্র ১২৬৯ জনের সঙ্গে তার কিছু কথাবার্তা হয়েছে। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই কথোপকথন থেমে গেছে মাঝপথে। ডেটে যেতে পেরেছেন কেবল একজনের সঙ্গে—সেই সম্পর্কও বেশি দিন টেকেনি।

এরপর থেকে একের পর এক প্রত্যাখ্যান তাকে মানসিকভাবে ভেঙে ফেলেছে। তবে নেটিজেনদের একাংশ তার এই একাকী সংগ্রামে সহানুভূতি জানিয়ে পাশে দাঁড়িয়েছেন।

একজন মন্তব্য করেছেন, “হাল ছাড়ো না ভাই। সত্যিকারের প্রেম একদিন না একদিন ঠিক আসবে।” আরেকজন লিখেছেন, “তুমি সাহসী, কারণ তুমি চেষ্টা করছো।”

বিশেষজ্ঞদের মতে, অনলাইন ডেটিং প্ল্যাটফর্মে প্রত্যাখ্যান খুব স্বাভাবিক ব্যাপার। তবে বিষয়টি যখন দীর্ঘমেয়াদী হতাশায় রূপ নেয়, তখন মানসিক চাপ তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে আত্মবিশ্বাস হারানো স্বাভাবিক, কিন্তু চেষ্টা চালিয়ে যেতে বলছেন সম্পর্ক পরামর্শকরা।

সূত্র: আনন্দবাজারডটকম