সারাবিশ্ব
ইয়েমেন উপকূলে নৌকাডুবি, অর্ধশতাধিক অভিবাসীর মৃত্যু (ভিডিও)
আরব সাগরের উত্তাল ঢেউ আর বৈরী আবহাওয়া কেড়ে নিল আরও কিছু অসহায় মানুষের প্রাণ। রোববার (৩ আগস্ট) ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আবিয়ান উপকূলে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে প্রাণ হারিয়েছেন অন্তত ৫৪ জন। ধারণা করা হচ্ছে, যাত্রীদের বেশিরভাগই ছিলেন ইথিওপিয়ার নাগরিক, যারা দালালের খপ্পরে পড়ে ভালো জীবনের আশায় ঝুঁকিপূর্ণ পথে পাড়ি জমাচ্ছিলেন।
প্রায় দেড়শ যাত্রী নিয়ে সমুদ্র পাড়ি দেওয়ার সময় নৌকাটি উল্টে যায়। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ভয়াবহ সেই ঘটনায় মাত্র ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিরা নিখোঁজ কিংবা প্রাণ হারিয়েছেন। তীরে তীরে মিলছে একের পর এক মৃতদেহ।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, দক্ষিণাঞ্চলীয় খানফার জেলার তীরে ৫৪ জনের মরদেহ পাওয়া গেছে, এর মধ্যে ১৪ জনের লাশ নেয়া হয়েছে আবিয়ান প্রদেশের রাজধানী জিঞ্জিবারের একটি হাসপাতালের মর্গে। উদ্ধার তৎপরতা এখনো চলছে।
আইওএম প্রধান আবদুসাত্তোর এসোয়েভ এক বিবৃতিতে বলেন, “এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এই পথটি যে কতটা ভয়ানক ও বিপজ্জনক, তা আবারও প্রমাণিত হলো।” সংস্থাটি আরও জানায়, অসাধু দালালরা প্রতিনিয়ত নিরুপায় মানুষদের লোভ দেখিয়ে জীবনের ঝুঁকির পথে ঠেলে দিচ্ছে। সঠিক নজরদারি ও অভিবাসন ব্যবস্থাপনায় কঠোরতা না আনলে এ রকম মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি হবেই।
বিশ্ব গণমাধ্যম বিবিসি জানায়, হর্ন অব আফ্রিকা থেকে আরব উপসাগরীয় দেশগুলোতে পৌঁছাতে ইয়েমেন অনেক অভিবাসীর জন্য প্রধান প্রবেশপথ। আইওএম-এর হিসাব বলছে, শুধু ২০২৪ সালেই ইয়েমেনে পৌঁছেছেন প্রায় ৬০ হাজার অভিবাসী। এর মধ্যে অনেকেই নৌপথে প্রাণ হারিয়েছেন।
গত মার্চেও ইয়েমেনের ধুবাব উপকূলে একই ধরনের ঘটনায় দুটি নৌকা ডুবে ১৮০ জনের বেশি মানুষ প্রাণ হারান। আইওএম-এর ‘মিসিং মাইগ্র্যান্টস প্রজেক্ট’ অনুযায়ী, গত এক দশকে এই রুটে অন্তত ৩,৪০০ অভিবাসীর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে নৌকাডুবিতে মারা গেছেন ১,৪০০ জনের বেশি।