সারাবিশ্ব
গাজায় সামরিক অভিযান স্থগিতের নির্দেশ দিল ইসরায়েল সরকার
গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযান আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রীয় গণমাধ্যম আর্মি রেডিও এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব সেনাবাহিনীকে গাজায় সব ধরনের কার্যক্রম সীমিত করে কেবল প্রতিরক্ষামূলক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে।
আর্মি রেডিওর সামরিক সংবাদদাতা ডোরন কাদোশ এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে লিখেছেন, “বাস্তবে এর মানে হলো, গাজা সিটির দখল নেওয়ার অভিযান আপাতত স্থগিত করা হয়েছে।”
আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি প্রস্তাবে হামাসের আংশিক সম্মতি পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেয় ইসরায়েল। মূলত সংঘাত প্রশমনে কূটনৈতিক পথকে অগ্রাধিকার দিতেই সামরিক অভিযান স্থগিতের এ পদক্ষেপ।
ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি প্রস্তাবের প্রথম ধাপে সম্মতি দেওয়ার পর হামাস জীবিত ও মৃত সব জিম্মি মুক্তি দিতে প্রস্তুত বলে জানিয়েছে। এই পরিপ্রেক্ষিতে ইসরায়েলও প্রস্তাব বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে প্রস্তাব মেনে নেওয়ার জন্য রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়সীমা দিয়েছিলেন। সময়মতো না মানলে “নরকযন্ত্রণা”র হুঁশিয়ারিও দেন তিনি।
হামাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা জিম্মিদের মুক্তি দিতে রাজি, তবে প্রস্তাবের কিছু শর্ত নিয়ে আরও আলোচনা দরকার।