সারাবিশ্ব

গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠনে জাতিসংঘের সমর্থন, প্রত্যাখ্যান করলো হামাস


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৮:৫৯ এএম

গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠনে জাতিসংঘের সমর্থন, প্রত্যাখ্যান করলো হামাস
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকার সংকট নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। পরিকল্পনার ভিত্তিতে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) গঠনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র উত্থাপিত খসড়া প্রস্তাব মঙ্গলবার নিরাপত্তা পরিষদে পাস হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৩টি দেশ এই খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দেয়। কোনও দেশ বিরোধিতা না করলেও রাশিয়া ও চীন ভোটদানে বিরত থাকে। পক্ষে ভোট দেওয়া দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স ও সোমালিয়া উল্লেখযোগ্য।

মার্কিন পরিকল্পনায় গাজায় আইএসএফ মোতায়েন করে এলাকা স্থিতিশীল করা, বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং মানবিক সহায়তার পথগুলো নিরাপদ রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি হামাসসহ গাজার “অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর” অস্ত্র স্থায়ীভাবে নিষ্ক্রিয় করাও বাহিনীর অন্যতম দায়িত্ব হবে বলে খসড়ায় উল্লেখ রয়েছে। এ ছাড়া মিসর ও ইসরায়েলের সঙ্গে সমন্বয় রেখে আইএসএফ কার্যক্রম পরিচালনা করবে।

এ পরিকল্পনার অংশ হিসেবে গাজায় নতুন করে প্রশিক্ষিত একটি ফিলিস্তিনি পুলিশ বাহিনী গঠনেরও কথা বলা হয়েছে, যা এতদিন হামাস নিয়ন্ত্রিত পুলিশ কাঠামোর বাইরে হবে।

তবে হামাস যুক্তরাষ্ট্র–সমর্থিত এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। সংগঠনটির বক্তব্য, ট্রাম্পের পরিকল্পনা ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার নিশ্চিত করে না এবং গাজার ওপর “আন্তর্জাতিক অভিভাবকত্ব চাপিয়ে দিতে চায়।” টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে হামাস জানায়, আন্তর্জাতিক বাহিনীকে প্রতিরোধ গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণের দায়িত্ব দিলে তারা আর নিরপেক্ষ থাকতে পারবে না।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেন, আইএসএফ-এর মূল লক্ষ্য হবে “গাজাকে সামরিকীকরণমুক্ত করা, সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা, অস্ত্র অপসারণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।”