সারাবিশ্ব

জাকার্তায় ৭ তলা ভবনে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২০ (ভিডিও)


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:২১ পিএম

জাকার্তায় ৭ তলা ভবনে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২০ (ভিডিও)
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) একটি সাত তলা ভবনে আগুন লেগে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় কর্তৃপক্ষ।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভবনের ভেতরে আরও হতাহত থাকতে পারে এমন আশঙ্কায় উদ্ধারকারীরা তল্লাশি চালাচ্ছেন বলে জানিয়েছেন সেন্ট্রাল জাকার্তা পুলিশের প্রধান সুসাতিও পুরনোমো কনড্রো।

jakarta_fire1_Dhakaprokash.jpg

প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, দুপুরের দিকে প্রথম তলায় আগুনের সূত্রপাত ঘটে এবং তা দ্রুত উপরের তলায় ছড়িয়ে পড়ে। আগুনের সময় কিছু কর্মচারী দুপুরের খাবার খাচ্ছিলেন, অন্যরা অফিস থেকে বেরিয়ে এসেছিলেন।

কনড্রো জানান, “মঙ্গলবার বিকেল পর্যন্ত মৃতের সংখ্যা ২০ জনে পৌঁছেছে। আমাদের মূল কাজ এখন ক্ষতিগ্রস্তদের নিরাপদভাবে সরিয়ে নেওয়া।” আগুন লেগে যাওয়া ভবনটি টেরা ড্রোন ইন্দোনেশিয়ার অফিস হিসেবে ব্যবহৃত হতো। প্রতিষ্ঠানটি খনি থেকে কৃষি খাতে ড্রোন সরবরাহ করে থাকে।

jakarta_fire2_Dhakaprokash.jpg

কম্পাস টিভিতে সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, অগ্নিনির্বাপক কর্মীরা ভবনের ভেতরে থাকা লোকদের উদ্ধার করছেন এবং কেউ কেউ পোর্টেবল সিঁড়ি ব্যবহার করে উঁচু তলা থেকে নেমে আসছেন। এছাড়াও, মৃতদেহ বহনের দৃশ্যও ফুটেজে ধরা পড়েছে।