সারাবিশ্ব
স্ত্রীসহ মার্কিন বাহিনীর হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে এ দাবি করেন।
স্থানীয় সময় শনিবার (৩ জানুয়ারি) ভোরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প এ তথ্য জানান। খবর বিবিসি
ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ দেওয়া পোস্টে বলেন, ‘যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলার বিরুদ্ধে এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে একটি বড় পরিসরের হামলা পরিচালনা করেছে। এই অভিযানে প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করে দেশটির বাইরে নিয়ে আসা হয়েছে।’
ট্রাম্প আরও জানান, এই অভিযান যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হয়েছে। অভিযানের বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি জানান, এ বিষয়ে মার-এ-লাগোতে সকাল ১১টায় একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এদিকে মার্কিন কর্মকর্তাদের বরাতে বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক সহযোগী সিবিএস নিউজ জানায়, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করার কাজে যুক্ত ছিল মার্কিন সেনাবাহিনীর বিশেষ ইউনিট ডেল্টা ফোর্স।
ডেল্টা ফোর্সকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রশিক্ষিত ও অভিজাত সন্ত্রাসবিরোধী বিশেষ বাহিনী হিসেবে বিবেচনা করা হয়।
উল্লেখ্য, শুক্রবার গভীর রাতে ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর হামলা শুরুর খবর পাওয়া যায়। রাজধানী কারাকাসের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট মাদুরো দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেন বলে জানানো হয়।