সারাবিশ্ব
মাদুরোকে অপহরণের সময় মার্কিন হামলায় ভেনেজুয়েলার ৪৭ সেনা নিহত
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের সময় চালানো মার্কিন সামরিক অভিযানে দেশটির ৪৭ জন সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন নারী সেনা রয়েছেন। ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ এ তথ্য নিশ্চিত করেছেন। খবর প্রকাশ করেছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, কয়েক মাসের হুমকি-ধামকির পর গত শনিবার (৩ জানুয়ারি) গভীর রাতে ভেনেজুয়েলায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। রাজধানী কারাকাসসহ একাধিক শহরে যুদ্ধবিমান থেকে বোমা বর্ষণ করা হয়। একই সময় অভিযানের অংশ হিসেবে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে কারাকাসের বাসভবন থেকে অপহরণ করা হয়। পরে তাদের নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হয়েছে।
মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। তবে বেসামরিক হতাহতের সঠিক সংখ্যা এখনো নির্ধারণ করতে পারেনি দেশটির কর্তৃপক্ষ। গত ৭ জানুয়ারি ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো জানান, হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন। সে সময় সেনাবাহিনী তাদের ২৩ সদস্য নিহত হওয়ার তথ্য প্রকাশ করেছিল।
পরবর্তীতে নিহতের সংখ্যা হালনাগাদ করে প্রতিরক্ষামন্ত্রী পাদ্রিনো লোপেজ জানান, ৩ জানুয়ারির অভিযানে মোট ৮৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৪৭ জন ভেনেজুয়েলার সেনাসদস্য এবং বাকি ৩২ জন কিউবান সেনা, যাদের কয়েকজন প্রেসিডেন্ট মাদুরোর ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীতে নিয়োজিত ছিলেন। গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভেনেজুয়েলায় নিহত ৩২ কিউবান সেনার দেহাবশেষ গ্রহণ করে কিউবা।
নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী বলেন, “বলিভারিয়ান জাতীয় সশস্ত্র বাহিনীর নারী-পুরুষরা আগ্রাসনের মুখে জীবন দিয়ে দেশ ও ইতিহাসকে সম্মানিত করেছেন।” তিনি আরও জানান, নিহত সেনাদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে।
এদিকে, সামরিক লক্ষ্যবস্তুতে শুরু হওয়া মার্কিন অভিযানে অন্তত ১১২ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। অভিযানের সময় মার্কিন সেনারা হেলিকপ্টারে অবতরণ করে মাদুরো ও তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায় বলে জানিয়েছে ভেনেজুয়েলার কর্তৃপক্ষ।