সারাবিশ্ব

আফগানিস্তানে তুষারপাত ও ভারি বর্ষণে নিহত ৬১


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৪:৩০ পিএম

আফগানিস্তানে তুষারপাত ও ভারি বর্ষণে নিহত ৬১
ছবি: সংগৃহীত

আফগানিস্তানে তিন দিনের প্রবল তুষারপাত ও ভারি বর্ষণের কারণে অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএনডিএমএ) জানিয়েছে, বুধবার (২১ জানুয়ারি) থেকে শুক্রবার পর্যন্ত মধ্য ও উত্তরাঞ্চলের বিভিন্ন প্রদেশে এই প্রাণহানির ঘটনা ঘটেছে।

এই প্রাকৃতিক দুর্যোগে প্রায় ১১০ জন আহত হয়েছেন এবং ৪৫৮টি বাড়িঘর আংশিক বা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। নিহতদের মধ্যে অনেকেই বাড়ির ছাদ ধসে এবং তুষারপাতের কারণে প্রাণ হারিয়েছেন। এছাড়া তীব্র শীত ও হিমাঙ্কের নিচে তাপমাত্রার কারণে ফ্রস্টবাইটে আক্রান্ত হয়ে কিছু মানুষের মৃত্যু হয়েছে।

দুর্যোগের প্রভাবে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ সালাং মহাসড়কসহ বেশ কিছু প্রধান সড়ক বন্ধ হয়ে গেছে, যার কারণে উত্তরাঞ্চলের প্রদেশগুলোর সঙ্গে কাবুলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পারওয়ান প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ এবং যাতায়াত কঠিন হয়ে পড়েছে।

উজবেকিস্তান থেকে আমদানিকৃত একটি প্রধান বিদ্যুতের ট্রান্সমিশন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় কাবুলসহ ১২টি প্রদেশ বর্তমানে বিদ্যুৎহীন। রাষ্ট্রীয় বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডিএবিএস জানিয়েছে, প্রকৌশলীরা প্রস্তুত থাকলেও তুষারপাতের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে পারছে না।

দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারে প্রবল বৃষ্টি ও বাতাসে একটি বাড়ির ছাদ ধসে ছয় শিশুর মৃত্যু হয়েছে। তুষারপাতের ফলে গবাদিপশু মারা গেছে এবং অনেক দোকানপাটও ধ্বংস হয়েছে। বামিয়াং প্রদেশের পাহাড়ি এলাকায় আটকা পড়া বাসিন্দাদের কাছে উদ্ধারকর্মীরা জরুরি খাদ্য সরবরাহ করছেন।

এএনডিএমএ সামাজিক মাধ্যমে বাসিন্দাদের জরুরি প্রয়োজনে ছাড়া তুষারাবৃত সড়কে চলাচল না করার পরামর্শ দিয়েছেন।