সারাবিশ্ব
বেঁচে আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন—এমন খবর ছড়িয়ে পড়ার পর তা ভিত্তিহীন বলে দাবি করেছেন তার এক ঘনিষ্ঠ উপদেষ্টা। তিনি জানিয়েছেন, আহমাদিনেজাদ জীবিত ও নিরাপদ আছেন।
স্থানীয় সময় রোববার (১ মার্চ) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া এক বক্তব্যে নাম প্রকাশ না করার শর্তে ওই উপদেষ্টা বলেন, তিনি নিয়মিত যোগাযোগে আছেন এবং সাবেক প্রেসিডেন্ট সম্পূর্ণ সুস্থ রয়েছেন।
তিনি আরও জানান, শনিবার (২৮ ফেব্রুয়ারি) আহমাদিনেজাদের নিরাপত্তা দলের সঙ্গে সংশ্লিষ্ট একটি ভবনে হামলা হয়েছে। ওই হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর তিনজন দেহরক্ষী নিহত হন। তবে আহমাদিনেজাদের নিজ বাসভবন অক্ষত রয়েছে। হামলার লক্ষ্যবস্তু হওয়া ভবনটি তার বাসভবন থেকে প্রায় ১০০ মিটার দূরে অবস্থিত বলে তিনি দাবি করেন।
এর আগে বিভিন্ন মাধ্যমে খবর ছড়ায় যে, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আহমাদিনেজাদ নিহত হয়েছেন। তবে তার উপদেষ্টা সেই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন।
উল্লেখ্য, মাহমুদ আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কোনো সরকারি পদে না থাকলেও সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত আছেন।