সারাবিশ্ব

জ্বালানি সংকটে ভেনেজুয়েলায় এক সপ্তাহ ছুটি ঘোষণা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৫:০১ পিএম

জ্বালানি সংকটে ভেনেজুয়েলায় এক সপ্তাহ ছুটি ঘোষণা
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা তীব্র জ্বালানি সংকট ও দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের কারণে সরকারি কার্যক্রম সীমিত করে এক সপ্তাহের ছুটি ঘোষণা করেছে। অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

বার্তা সংস্থা Agence France-Presse (এএফপি) জানায়, দেশটি দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ সংকট ও রেশনিং সমস্যার মুখোমুখি। বিশেষ করে ইস্টার উপলক্ষে জ্বালানি সাশ্রয়ের জন্য অতীতেও কর্মদিবস কমানো ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নজির রয়েছে।

ডেলসি রদ্রিগেজ বলেন, পবিত্র সপ্তাহ উপলক্ষে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়ে সীমিত কার্যক্রম চালু রাখা হবে অথবা ছুটি পালন করা হবে।

তিনি আরও জানান, টানা প্রায় ৪৫ দিনের তীব্র তাপপ্রবাহের কারণে বিদ্যুতের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়েছে, যা বিদ্যমান জ্বালানি সংকটকে আরও প্রকট করেছে। তবে হাসপাতাল, নিরাপত্তা ও অন্যান্য জরুরি সেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে।

উল্লেখ্য, নিকোলাস মাদুরো গ্রেফতার হওয়ার পর থেকেই ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী নেতৃত্ব দিয়ে আসছেন বলে জানা গেছে।