সারাবিশ্ব

বিজেপি এলে বাংলাদেশি অনুপ্রবেশ বন্ধ হবে: অমিত শাহ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১০:৫০ পিএম

বিজেপি এলে বাংলাদেশি অনুপ্রবেশ বন্ধ হবে: অমিত শাহ
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় এলে বাংলাদেশি অনুপ্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ করা হবে এবং অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে দেশ থেকে বের করে দেওয়া হবে।

শনিবার (২৮ মার্চ) পশ্চিমবঙ্গের এক নির্বাচনী সাংবাদিক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “আমাদের সংকল্প-অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশছাড়া করা।” একই সঙ্গে তিনি দাবি করেন, অনুপ্রবেশ ইস্যু নিয়ে পশ্চিমবঙ্গের সাধারণ বাঙালিদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।

রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস-এর তীব্র সমালোচনা করে অমিত শাহ অভিযোগ করেন, গত ১৫ বছরে রাজ্যে দুর্নীতি, বেকারত্ব, রাজনৈতিক সহিংসতা ও শিল্পখাতের অবনতি বেড়েছে। তার দাবি, একই সময়ে অনুপ্রবেশও বেড়েছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে উদ্দেশ করে তিনি প্রশ্ন তোলেন, “এত অনুপ্রবেশ হচ্ছে, রাজ্য সরকার কি ঘুমিয়ে আছে?”

সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তের প্রায় ৬০০ কিলোমিটার এলাকা এখনো অরক্ষিত রয়েছে। তার অভিযোগ, সীমান্তে কাঁটাতার বসাতে প্রয়োজনীয় জমি দিতে রাজ্য সরকার সহযোগিতা করছে না। বিজেপি ক্ষমতায় এলে ১৫ থেকে ৪৫ দিনের মধ্যে এই কাজ সম্পন্ন করা হবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, সীমান্তে কাঁটাতার স্থাপন করা হলে (বিএসএফ) আরও কার্যকরভাবে অনুপ্রবেশ ঠেকাতে পারবে।

অমিত শাহ দাবি করেন, পশ্চিমবঙ্গ এখন অনুপ্রবেশের ‘প্রধান পথ’ হয়ে উঠেছে, যেখানে আসামে বিজেপি সরকার গঠনের পর পরিস্থিতির উন্নতি হয়েছে।

এছাড়া নারী নিরাপত্তা, জাল নোট ও পাচার ইস্যুতেও উদ্বেগ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ নীতির বিরোধিতা করে বলেন, এটি হওয়া উচিত নয়।

এদিন বিজেপির নির্বাচনী ইশতেহারও প্রকাশ করা হয়, যেখানে নিরাপত্তা জোরদার, দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

সবশেষে অমিত শাহ দাবি করেন, পশ্চিমবঙ্গে বিপুল ভোটে বিজেপি সরকার গঠন করবে—এটি এখন শুধু সময়ের অপেক্ষা।