সারাবিশ্ব

ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১০:৫৮ এএম

ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে যেকোনো মুহূর্তে নতুন করে পুরোদমে যুদ্ধ বা সামরিক সংঘাত শুরু হওয়ার তীব্র আশঙ্কার মধ্যে সোমবার (১৮ মে) দ্বিতীয় দিনের মতো জরুরি বৈঠকে বসেছে ইসরায়েলের নীতি নির্ধারণী নিরাপত্তা ক্যাবিনেট। হিব্রু গণমাধ্যমগুলোর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

ইসরায়েলি সংবাদপত্র ‘ইসরায়েল হাইয়োম’-এর প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আহ্বানেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘ ফোনালাপের পর প্রথম দফা জরুরি বৈঠক করেছিলেন তিনি।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের আলোচনার বিষয়ে অবগত একটি সূত্র জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন সামরিক অভিযান এখন সময়ের অপেক্ষা মাত্র। সূত্রটির দাবি, আসন্ন হামলা আগের যেকোনো অভিযানের তুলনায় আরও ব্যাপক ও ভয়াবহ হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এবার এমন কিছু গুরুত্বপূর্ণ ইরানি স্থাপনায় হামলার পরিকল্পনা করা হচ্ছে, যেগুলো এতদিন এড়িয়ে চলেছিল ওয়াশিংটন। একই সঙ্গে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় ইসরায়েলি সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রগুলো।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। পাল্টা প্রতিক্রিয়ায় তেহরানও বিভিন্ন পদক্ষেপ নেয় এবং বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নৌ চলাচলে বড় ধরনের প্রভাব পড়ে।

পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও শান্তি আলোচনা স্থায়ী সমাধানে পৌঁছাতে পারেনি। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও অঞ্চলজুড়ে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে।

এদিকে গত ১৩ এপ্রিল থেকে হরমুজ প্রণালী এলাকায় ইরানের সামুদ্রিক চলাচল সীমিত করতে মার্কিন নৌবাহিনীর কঠোর নজরদারি ও অবরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি