সারাবিশ্ব
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন নিয়ম চালু ইরানের
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে নতুন তদারকি ও অনুমোদন ব্যবস্থা কার্যকর করেছে ইরান।
বুধবার (২০ মে) দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নতুন নজরদারি অঞ্চলের সীমানাও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।
ইরানের হরমুজ প্রণালি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন তদারকি এলাকা ইরানের কুহ মোবারক থেকে সংযুক্ত আরব আমিরাত–এর দক্ষিণ আল-ফুজাইরাহ পর্যন্ত বিস্তৃত। এছাড়া কেশম দ্বীপ থেকে উম্ম আল-কুয়াইন পর্যন্ত জলসীমাও এই ব্যবস্থার আওতায় আনা হয়েছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত যোগাযোগ ব্যবস্থার আওতায় থাকা সব জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রমের আগে পারস্য উপসাগর জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পূর্বানুমতি নিতে হবে।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোর জন্য অতিরিক্ত কিছু শর্ত আরোপ করেছে। এর মধ্যে রয়েছে একটি সম্পৃক্ততা নথি জমা দেওয়া, যেখানে নিশ্চিত করতে হবে যে সংশ্লিষ্ট জাহাজের যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক নেই।
প্রতিবেদন অনুযায়ী, নতুন অনুমোদন প্রক্রিয়ার কারণে জাহাজ চলাচলে এক সপ্তাহ পর্যন্ত বিলম্ব হতে পারে। কিছু ক্ষেত্রে অতিরিক্ত ফি দেড় লাখ ডলারেরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে রাশিয়া ও চীনের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও দাবি করা হয়েছে।
এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ওমান–এর সহযোগিতায় বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার চেষ্টা করছে তেহরান।
তিনি আরও বলেন, বিভিন্ন দেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা হচ্ছে যাতে তাদের জাহাজ নিরাপদে প্রণালি অতিক্রম করতে পারে। তবে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে—এমন কোনো কার্যক্রম ইরান মেনে নেবে না বলেও সতর্ক করেন তিনি।