সারাবিশ্ব
ভারতের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে ছত্রপতি শিবাজীর মূর্তি বসাচ্ছে ইসরায়েল
ভারত ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান সাংস্কৃতিক সম্পর্ক আরও দৃঢ় করতে ইসরায়েলের একটি শহরে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজীর একটি বিশাল ভাস্কর্য স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
মুম্বাইয়ে নিযুক্ত ইসরায়েলের কনসাল জেনারেল ইয়ানিভ রেভাখ শিব রাজ্যাভিষেক দিবস উপলক্ষে এই ঘোষণা দেন। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।
ইয়ানিভ রেভাখ জানান, ভারতের ইতিহাসে শিবাজী মহারাজের প্রভাব অত্যন্ত গভীর এবং তা ইসরায়েলি পক্ষ ভালোভাবেই উপলব্ধি করে। এ কারণে একটি বৃহৎ ভাস্কর্য তৈরি করে ইসরায়েলে স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা দুই দেশের দীর্ঘমেয়াদি বন্ধুত্বের প্রতীক হয়ে উঠবে।
এই ভাস্কর্য নির্মাণে শিবাজীর গৌরবময় ইতিহাস যথাযথভাবে তুলে ধরতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের কাছে ঐতিহাসিক তথ্য, নকশা ও শৈল্পিক পরামর্শ চাওয়া হয়েছে। এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
ইসরায়েলি কূটনৈতিক সূত্র জানায়, ইসরায়েলের মাটিতে শিবাজী মহারাজের ভাস্কর্য স্থাপন দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের শক্তিশালী প্রতীক হিসেবে কাজ করবে। বিশেষ করে মহারাষ্ট্রের সঙ্গে ভারতীয় ইহুদি সম্প্রদায়ের ঐতিহাসিক সম্পর্কের প্রেক্ষাপটে এই উদ্যোগটি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
ইসরায়েলিদের মাঝে শিবাজী মহারাজের জীবন ও বীরত্বগাথা পরিচিত করে তুলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান ইয়ানিভ রেভাখ। তিনি বলেন, ভারতে ভ্রমণের সময় তিনি ইসরায়েল ও তাদের জাতীয় বীরদের প্রতি সাধারণ মানুষের গভীর শ্রদ্ধা লক্ষ্য করেছেন, আর এখন ইসরায়েলেও শিবাজী মহারাজকে নিয়ে সচেতনতা তৈরি করা প্রয়োজন।
এদিকে এই ঘোষণাকে স্বাগত জানিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় একে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তিনি এই উদ্যোগের জন্য ইসরায়েলি কনসাল জেনারেলকে ধন্যবাদ জানিয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
সূত্র: এনডিটিভি