সারাবিশ্ব
লেবাননে দখল করা ৫৭০ কি.মি এলাকা ছাড়ার কোনো ইচ্ছা নেইঃ নেতানিয়াহু
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির ঘোষণা এলেও লেবাননে দখল করা এলাকা ছাড়ার কোনো ইচ্ছা নেই বলে স্পষ্ট জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, প্রয়োজন যতদিন থাকবে, ততদিন ইসরাইলি সেনাবাহিনী লেবাননের নিরাপত্তা বেষ্টনী এলাকায় অবস্থান করবে। একইসঙ্গে সিরিয়ার দখল করা এলাকা থেকেও ইসরাইলি বাহিনী সরিয়ে নেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।
গতকাল সোমবার (১৫ জুন) এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু এসব কথা বলেন।
তিনি বলেন, লেবাননে দখল করে রাখা প্রায় ৫৭০ বর্গকিলোমিটার (২২০ বর্গমাইল) এলাকায় ইসরাইলি সেনাবাহিনী অবস্থান অব্যাহত রাখবে। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের সংঘাতে ইতোমধ্যে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
নেতানিয়াহু বলেন, ‘যতদিন প্রয়োজন হবে, ততদিন আমরা লেবাননের নিরাপত্তা বেষ্টনী এলাকায় থাকব।’
সর্বশেষ তথ্য অনুযায়ী, আগামী শুক্রবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষর হতে যাওয়া চুক্তির আওতায় লেবাননের পরিস্থিতিও অন্তর্ভুক্ত রয়েছে। ফলে নেতানিয়াহুর এই মন্তব্য আগে থেকেই নাজুক অবস্থায় থাকা যুদ্ধবিরতি চুক্তির ওপর নতুন চাপ তৈরি করতে পারে।
এর আগে গত রোববার চুক্তির ঘোষণা দেওয়ার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছিলেন, সমঝোতা স্মারকে ‘লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান তাৎক্ষণিক ও স্থায়ীভাবে বন্ধ করার’ বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।
খবর: আলজাজিরা।