সারাবিশ্ব
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার ৩৪২, আহত ১৬ হাজারের বেশি
ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৪২ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ হাজার ৭০০ জন। এছাড়া এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
সোমবার (৬ জুলাই) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এর আগে রোববার (৫ জুলাই) দেশটির তথ্য মন্ত্রণালয় জানায়, গত মাসে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে লা গুয়াইরা অঞ্চলে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ১৯০টি স্থাপনা পুরোপুরি ধসে পড়েছে।
কর্তৃপক্ষ জানায়, ক্ষতিগ্রস্তদের মধ্যে ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। এখনও ১৭ হাজার ৩৪৫ জন মানুষ গৃহহীন অবস্থায় রয়েছেন।
উদ্ধার তৎপরতায় অংশ নিতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ৪ হাজার ৮৮ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ত্রাণ কার্যক্রম পরিচালনায় রাজধানী কারাকাস থেকে ২৯ হাজার ৫৬৭ জন কর্মী ও ২৭ হাজার ৪৮২ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন।
সরকারি তথ্যে আরও জানানো হয়, এখন পর্যন্ত ৯ হাজার ৫৮৫ টন খাদ্য ও ৬ লাখ ৬৯ হাজার ৮ লিটার পানি বিতরণ করা হয়েছে। চিকিৎসাসেবা দেওয়া হয়েছে ২৩ হাজার ৮২০ জনকে এবং স্থাপন করা হয়েছে ৭৯টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুযায়ী, গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এরপর এখন পর্যন্ত ৯৯৫টি আফটারশক অনুভূত হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি