সারাবিশ্ব
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, ভারত-সমর্থিত ৪৩ সশস্ত্র ব্যক্তি নিহত
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে চলমান ‘অপারেশন শাবান’-এ নিরাপত্তা বাহিনীর অভিযানে ‘ভারত-সমর্থিত’ বলে পাকিস্তানের দাবি করা আরও ১৭ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছেন। এর ফলে মাঙ্গি বাঁধ পুলিশ স্টেশন হামলাকে কেন্দ্র করে পরিচালিত অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ।
নিরাপত্তা সূত্রের বরাতে জানানো হয়েছে, মাঙ্গি বাঁধ পুলিশ স্টেশনে হামলার পর পাকিস্তান সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কর্পস (এফসি) এবং বেলুচিস্তান পুলিশ যৌথভাবে অভিযান শুরু করে।
এর আগে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, পাকিস্তানের দাবি অনুযায়ী ‘ভারত-সমর্থিত’ সশস্ত্র ব্যক্তিরা ওই পুলিশ চৌকিতে হামলা চালায়। প্রাথমিক প্রতিরোধে পুলিশ ১৫ জন হামলাকারীকে হত্যা করলেও ৯ জন পুলিশ সদস্য নিহত হন।
তিনি জানান, নিরাপত্তা বাহিনী পৌঁছানোর আগেই হামলাকারীরা কয়েকজন পুলিশ সদস্যকে জিম্মি করে। জিম্মিদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করা হয়।
আইএসপিআরের তথ্যমতে, ৬ জুলাই থেকে জিয়ারাত জেলার পাহাড়ি এলাকায় অভিযান চলছিল। অবরোধ আরও কঠোর হলে হামলাকারীরা ১৮ জন জিম্মি পুলিশ সদস্যকে হত্যা করে। মাঙ্গি চেকপোস্টে হামলায় মোট ২৭ জন পুলিশ সদস্য নিহত হন এবং ওই অভিযানে ২৬ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়।
এদিকে নিরাপত্তা সূত্র জানিয়েছে, খুজদারের একটি পুলিশ স্টেশনে হামলার চেষ্টা নস্যাৎ করে পাকিস্তান সেনাবাহিনী ও ফ্রন্টিয়ার কর্পস পৃথক অভিযানে আরও ৮ জন সশস্ত্র ব্যক্তিকে হত্যা করেছে।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর দাবি, ৫ জুলাই থেকে শুরু হওয়া ‘অপারেশন শাবান’ এবং অন্যান্য গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে এখন পর্যন্ত মোট ৯১ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছেন।
এ ছাড়া হেলিকপ্টার অভিযানেও আরও ৫ থেকে ৬ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছেন বলে নিরাপত্তা সূত্র জানিয়েছে।