সারাবিশ্ব
ভারতে আয়রন ডোমের মিসাইল তৈরির পরিকল্পনা ইসরায়েলের
ভারতের মাটিতে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর মিসাইল তৈরির পরিকল্পনা করছে ইসরায়েল। দেশটির রাষ্ট্রীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম এ উদ্দেশ্যে ভারতে একটি উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নিতে পারে।
এই কারখানায় তামির মিসাইল তৈরি করা হবে, যা আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার মূল অংশ হিসেবে ব্যবহৃত হয়। এই মিসাইলগুলো আকাশপথে শত্রুপক্ষের রকেট বা আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে শুক্রবার (১০ জুলাই) এ তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভারতে উৎপাদিত তামির মিসাইল অন্যান্য দেশেও রপ্তানি করা যেতে পারে। এছাড়া কম খরচে উৎপাদনের সুযোগ থাকায় প্রয়োজনের সময় ইসরায়েল এখান থেকে ব্যাকআপ হিসেবেও মিসাইল সংগ্রহ করতে পারবে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েল সফর করেন। এ সময় তিনি দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও অন্যান্য খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
আরেকটি সূত্র জানিয়েছে, ভারতে মিসাইল উৎপাদনের এই পরিকল্পনা এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এর লক্ষ্য যৌথভাবে আধুনিক যুদ্ধাস্ত্র উৎপাদন এবং নতুন প্রজন্মের সমর প্রযুক্তি উন্নয়ন।
এই উদ্যোগের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে উভয় দেশের জন্য অস্ত্র সরবরাহ নিশ্চিত করা সহজ হবে। প্রয়োজনে ভারত ও ইসরায়েল একে-অপরের কাছ থেকে যৌথভাবে উৎপাদিত অস্ত্র সংগ্রহ করতে পারবে।
সূত্র: এনডিটিভি