সারাবিশ্ব
মোদীর ভিডিও সরানো ইস্যুতে ভারতের কাছে ক্ষমা চাইলেন জাকারবার্গ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কে ভারতের কাছে ক্ষমা চেয়েছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। একই সঙ্গে শিশু যৌন নির্যাতনসংক্রান্ত কনটেন্ট, ডিপফেক এবং প্ল্যাটফর্মের কিছু ত্রুটির বিষয়েও দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
বুধবার (৫ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, মোদীর ভিডিও অপসারণের ঘটনায় ভারত সরকার মেটাকে তলব করে। এর পর প্রতিষ্ঠানটির একটি বৈশ্বিক প্রতিনিধিদল ভারতের তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করে।
বৈঠকে ভারতীয় পক্ষ স্পষ্টভাবে জানিয়ে দেয়, মেটার কার্যক্রমকে শুধু ‘মধ্যস্থতাকারী’ হিসেবে বিবেচনা করা হবে না। কারণ, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম নির্ধারণ করে কোন কনটেন্ট কার কাছে পৌঁছাবে। ফলে এ ধরনের কর্মকাণ্ড তথ্যপ্রযুক্তি আইনের ‘সেইফ হারবার’ সুরক্ষার আওতায় পড়ে না বলে সরকারের অবস্থান।
সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, মেটার কর্মকর্তারা স্বীকার করেছেন যে কিছু নির্দিষ্ট কনটেন্টের প্রসার বাড়াতে বড় অঙ্কের অর্থ ব্যয় করা হয়েছে। পাশাপাশি অবৈধ কনটেন্ট নিয়ন্ত্রণে ব্যর্থতার বিষয়েও নিজেদের ভুল মেনে নিয়েছেন তারা।
ভারতীয় সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে মেটার কর্মকর্তাদের আবারও তলব করা হবে এবং তাদের কাছ থেকে আরও ব্যাখ্যা চাওয়া হবে।
এর আগে আরেক প্রতিবেদনে বলা হয়, মোদীর ভিডিও সরানোর ঘটনায় মার্ক জাকারবার্গকে তিন দিনের আল্টিমেটাম দেয় ভারত। ওই সময়ের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়া অথবা দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
এদিকে ভারতের সংসদীয় কমিটি এ ঘটনাকে ‘গণতন্ত্রের ওপর আঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে।