সারাবিশ্ব
তামিলনাড়ুতে ৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের
ছবিঃ সংগৃহীত
ভারতের তামিলনাড়ুতে কৃষকদের জন্য বড় ধরনের ঋণ মওকুফের ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। সমবায় ব্যাংক থেকে নেওয়া ৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণের পুরোটা মওকুফ করা হবে বলে জানিয়েছেন তিনি।
ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিধানসভায় বক্তব্য দেওয়ার সময় এ ঘোষণা দেন মুখ্যমন্ত্রী।
ঘোষণা অনুযায়ী, ৭৫ হাজার থেকে ১ লাখ রুপি পর্যন্ত কৃষিঋণের সর্বোচ্চ ৭৫ হাজার রুপি মওকুফ করা হবে। আর ১ লাখ রুপির বেশি ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ হাজার রুপি পর্যন্ত ছাড় দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী বলেন, আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কৃষকদের সহায়তায় টিভিকে সরকার অতিরিক্ত ৯৫৩ কোটি ৬ লাখ রুপি বরাদ্দ করবে।
তিনি জানান, মে মাসে দায়িত্ব নেওয়ার ১৫ দিনের মধ্যেই তামিলনাড়ু সরকার ৫০ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছিল। পরে এই সুবিধা বাড়িয়ে ৭৫ হাজার রুপি পর্যন্ত ঋণ পুরোপুরি মওকুফ এবং এর বেশি ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ হাজার রুপি মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়।
পিটিআইয়ের তথ্য অনুযায়ী, আগের সিদ্ধান্তে ১৪ লাখ ৪৪ হাজারের বেশি কৃষক উপকৃত হয়েছেন।
নতুন ঘোষণাকে তামিলনাড়ুর কৃষকদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তা হিসেবে দেখা হচ্ছে।