সারাবিশ্ব
নাইজেরিয়ায় তেল চুরির চেষ্টা, বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের
নাইজেরিয়ায় পাইপলাইন থেকে পেট্রোলিয়ামজাত পণ্য চুরির চেষ্টা করতে গিয়ে বিষাক্ত ধোঁয়ায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
মধ্যরাতে দেশটির রিভার্স প্রদেশের ওক্রিকা এলাকার ওকারি জেটিতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ওক্রিকা ও আশপাশের এলাকার দুই শতাধিক তরুণ কাঠের নৌকায় করে সেখানে পৌঁছে পাইপলাইনের সঙ্গে অবৈধভাবে যুক্ত একটি সংযোগস্থল থেকে পেট্রোলিয়ামজাত পণ্য চুরির চেষ্টা করেন।
নাইজার ডেল্টাভিত্তিক পরিবেশ ও মানবাধিকার সংগঠন ইয়ুথস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টারও একাধিক মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সংগঠনটির নির্বাহী পরিচালক ফাইনফেস ডুমনামেনে জানান, উচ্চচাপে পাইপলাইনের ভেতর দিয়ে পেট্রোলিয়ামজাত পণ্য পাঠানোর সময় তা নৌকায় তোলার চেষ্টা করা হচ্ছিল। এ সময় সৃষ্ট ঘন বিষাক্ত ধোঁয়ার সংস্পর্শে এসে অনেকে অসুস্থ হয়ে পড়েন এবং কয়েকজন জ্ঞান হারিয়ে নদীতে পড়ে যান।
পুলিশের মুখপাত্র ব্লেসিং আগাবে জানিয়েছেন, ঘটনার প্রকৃত চিত্র ও ভয়াবহতা নিরূপণে তদন্ত চলছে।
এদিকে ফাইনফেস ডুমনামেনে জানান, ঘটনাস্থলের নদীতে বেশ কয়েকটি মরদেহ ভাসতে দেখা গেছে। এ ছাড়া আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ওই পাইপলাইনের মাধ্যমে ইন্দোরামা এলেমে পেট্রোকেমিক্যালস এলাকা থেকে পোর্ট হারকোর্ট শোধনাগার করিডোর হয়ে রপ্তানির জন্য অপেক্ষমাণ জাহাজে পেট্রোলিয়ামজাত পণ্য সরবরাহ করা হয়।