সারাবিশ্ব
হুথিদের সঙ্গে বৈঠক, সৌদিকে সহায়তা না করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের
ওমানের রাজধানী মাস্কাটে হুথি বিদ্রোহীদের সঙ্গে সরাসরি বৈঠকের পর সৌদি আরবকে হুথিদের বিরুদ্ধে সামরিক সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার একাধিক সংবাদমাধ্যম হুথি ও মার্কিন প্রতিনিধিদের মধ্যে বৈঠকের খবর প্রকাশ করে।
প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে হুথিরা যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে, লোহিত সাগরের বাব এল মান্দেব প্রণালিতে কোনো মার্কিন জাহাজে হামলা চালাবে না তারা। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে গত বছর হওয়া যুদ্ধবিরতির চুক্তিও ভঙ্গ করার পরিকল্পনা নেই বলে জানিয়েছে সংগঠনটি।
হুথি সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রকে তারা জানিয়েছে, লোহিত সাগরে শুধু সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালাবে তারা।
এদিকে ইরানের সঙ্গে চলমান ব্যয়বহুল যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ব্যাপকভাবে জড়িয়ে পড়েছে। ফলে নতুন কোনো সংঘাতে জড়াতে চায় না ওয়াশিংটন। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুতেও চাপ তৈরি হয়েছে। এসব কারণেও হুথিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে আগ্রহী নয় দেশটি।
২০২৫ সালের মার্চে হুথিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এরপরও সংগঠনটির কর্মকর্তাদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের বৈঠক হয়েছে। একইভাবে ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ ও ইরানের সঙ্গেও সরাসরি আলোচনা করেছে যুক্তরাষ্ট্র।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা দিতে অস্বীকৃতি জানানোয় সৌদি আরবের সামনে হুথিদের সঙ্গে কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের চাপ তৈরি হয়েছে। পাশাপাশি তুরস্ক ও পাকিস্তানকে সঙ্গে নিয়ে হুথিদের বিরুদ্ধে লড়াইয়ের পথও দেশটির সামনে রয়েছে।
গত শুক্রবার দ্রুতগতির অভিযান চালিয়ে হুথিরা লোহিত সাগরের বন্দরনগরী মোখা দখল করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর ফলে বাব এল মান্দেব প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ আরও জোরালো হয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর সৌদি আরব এই প্রণালি ব্যবহার করে বহির্বিশ্বে তেল রপ্তানি করছিল।
সূত্র: দ্য গার্ডিয়ান