সারাবিশ্ব
ডিআর কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাও রয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কিকভিট থেকে রাজধানী কিনশাসার উদ্দেশে রওনা হয় বিমানটি। পথে কারিগরি ত্রুটি দেখা দিলে কোয়াঙ্গো প্রদেশের কেনগেতে জরুরি অবতরণের চেষ্টা করে এটি। তবে সেখানে কোনো অবতরণপথ না থাকায় একটি আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।
কোয়াঙ্গো প্রদেশের ডেপুটি গভর্নর রেমি সাকি বোকিন্ডা জানান, বিমানটি একটি আবাসিক এলাকার একটি স্থানে আছড়ে পড়ে।
কঙ্গোর সামরিক বাহিনীর মুখপাত্র মেজর-জেনারেল এফোমি একেঞ্জে বলেন, বিমানে থাকা ১৪ জনই নিহত হয়েছেন। তাদের মধ্যে ১২ জনের মরদেহ আগুনে পুড়ে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি। পাইলটের মরদেহ বিমানটির বাইরে পাওয়া যায়।
সামরিক বাহিনী জানিয়েছে, নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক, সরকারি প্রতিনিধিদলের সদস্য এবং সামরিক বাহিনীর কয়েকজন সদস্য ছিলেন। ওই প্রতিনিধিদলের সঙ্গে দুই জেনারেলও ভ্রমণ করছিলেন।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন সামরিক বাহিনীর মুখপাত্র এফোমি একেঞ্জে।