সারাবিশ্ব
ট্রাম্পের প্রশ্নোত্তরে বিরক্ত মোদি, ছবি তোলার পর বললেন ‘এবার কি যাওয়া যায়?’
ফটোসেশনের জন্য একসঙ্গে দাঁড়িয়েছিলেন চার দেশের রাষ্ট্রপ্রধান। ছবি তোলা শেষ হলেও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে ব্যস্ত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। একপর্যায়ে অপেক্ষায় বিরক্ত হয়ে মোদিকে বলতে শোনা যায়, ‘এবার কি আমরা যেতে পারি?’
মঙ্গলবার ১৭ নভেম্বর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় চার দেশের জোট কোয়াডের বৈঠকের আগে এ ঘটনা ঘটে। ফটোসেশন শেষে নেতাদের বৈঠকে যাওয়ার কথা থাকলেও ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলতে শুরু করেন। একের পর এক প্রশ্নের উত্তর দিতে থাকেন তিনি। এ সময় অন্য তিন নেতাকে পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়।
একপর্যায়ে মোদির দিকে তাকিয়ে ট্রাম্প বলেন, ‘দেখুন, আমাকে কী কঠিন সব প্রশ্নের মুখোমুখি হতে হয়।’ এ সময় মোদিকে ‘খুব কঠিন মানুষ’ বলেও প্রশংসা করেন তিনি। পরে জাপানের প্রধানমন্ত্রীকে আরও কঠিন বলে মন্তব্য করেন ট্রাম্প।
অন্যদিকে, মোদিকে কয়েকবার হাতের ইশারায় অন্য নেতাদের এগিয়ে যাওয়ার অনুরোধ জানাতে দেখা যায়। প্রায় ১০ মিনিট ধরে চলা এই অনানুষ্ঠানিক প্রশ্নোত্তর পর্বের কারণে নেতাদের নির্ধারিত বৈঠকের সময়ও কমে যায়। পরে ট্রাম্পের সহযোগীরা এগিয়ে এসে তাকে সাংবাদিকদের কাছ থেকে সরিয়ে নেন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মোদির ‘এবার কি আমরা যেতে পারি?’ মন্তব্যটি নিয়ে আলোচনা শুরু হয়।
অনেকের মতে, ইংরেজি ভাষায় স্বাচ্ছন্দ্যবোধ না করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাধারণত ইংরেজি ভাষার সংবাদমাধ্যমের সাংবাদিকদের মুখোমুখি হওয়া এড়িয়ে চলেন। এ কারণে ট্রাম্পের এমন তাৎক্ষণিক প্রশ্নোত্তর পর্বে মোদির অস্বস্তির বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে।
সূত্র: ফার্স্টপোস্ট, দ্য ইন্ডিপেনডেন্ট