সারাবিশ্ব

ভারতের মণিপুরে বন্দুকযুদ্ধে নিহত ১০


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৫:০৪ এএম

ভারতের মণিপুরে বন্দুকযুদ্ধে নিহত ১০
ছবি: সংগৃহীত

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলায় আসাম রাইফেলসের সঙ্গে সংঘর্ষে ১০ জন সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছে। বুধবার (১৪ মে) ভোরে সীমান্তঘেঁষা নিউ সমতল গ্রামে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানায় ভারতীয় সেনাবাহিনী।

পূর্বাঞ্চলীয় সেনা কমান্ড এক্স (প্রাক্তন টুইটার) পোস্টে জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্পিয়ার কর্পসের অধীনস্থ আসাম রাইফেলস ইউনিট এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বন্দুকধারীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালালে সেনাবাহিনী পাল্টা জবাব দেয়। এতে ঘটনাস্থলেই ১০ জন বন্দুকধারী নিহত হন।

বন্দুকধারীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সন্দেহজনক সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়। অপারেশন এখনও চলমান রয়েছে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, এই অঞ্চলটি মিয়ানমার সীমান্তঘেঁষা হওয়ায় দীর্ঘদিন ধরেই সেখানে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হন। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ‘অপারেশন সিঁদুর’ চালায়। পাল্টা জবাবে পাকিস্তানও সীমান্তে হামলা চালায়। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।