সারাবিশ্ব
বাংলাদেশের শুল্ক কমানোর দিনেই ভারতের পোশাক বাজারে শেয়ার দরপতন
মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামানোর দিনেই ভারতের পোশাক বাজারে বড় ধরনের শেয়ার দরপতন হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) নতুন এই শুল্ক হার কার্যকর হলে ভারতের একাধিক গার্মেন্টস প্রতিষ্ঠানের শেয়ারের দাম উল্লেখযোগ্য হারে কমে যায়। একই দিনে যুক্তরাষ্ট্র ভারতের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে।
এর আগে ৮ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে একটি চিঠি পাঠিয়ে জানান, ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তবে ওয়াশিংটনে কয়েক দফা আলোচনার পর এই হার কমিয়ে ২০ শতাংশ করা হয়।
বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে ভারতের অন্যতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ। শ্রম ও প্রযুক্তিতে এগিয়ে থাকায় বাংলাদেশ বরাবরই প্রতিযোগিতামূলক অবস্থানে রয়েছে। কিন্তু ট্রাম্প প্রশাসনের প্রাথমিক ঘোষণায় ৩৫ শতাংশ শুল্ক আরোপের সময় ভারতের পোশাক খাত সাময়িকভাবে সুবিধা পেলেও, নতুন সিদ্ধান্তের পর দৃশ্যপট পাল্টে যায়।
নতুন শুল্ক হারের ঘোষণার পর ভারতের পোশাক কোম্পানিগুলোর শেয়ারের দাম ব্যাপকভাবে কমতে থাকে। কেপিআর মিলসের শেয়ার ৫ শতাংশ, ওয়েলসপুন লিভিংয়ের ২ শতাংশ, অলোক ইন্ডাস্ট্রিজের ০.৮ শতাংশ, পিয়ার্ল গ্লোবালের ৩.৭ শতাংশ, গোকূলদাস এক্সপোর্টের ২.৬ শতাংশ, কিটেক্স গার্মেন্টসের ৩.২১ শতাংশ এবং বর্ধমান টেক্সটাইলের ২.৮ শতাংশ শেয়ার দর হারায়।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গেও একটি নতুন বাণিজ্য চুক্তি করেছে। এর আওতায় পাকিস্তানের পণ্যে ১৯ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে, যা পূর্বে ছিল ২৯ শতাংশ। তাছাড়া যুক্তরাষ্ট্র ও পাকিস্তান যৌথভাবে তেল অনুসন্ধানে অংশগ্রহণেরও ঘোষণা দিয়েছে।
বিশ্লেষকদের মতে, এই শুল্ক পরিবর্তনের ফলে দক্ষিণ এশিয়ার গার্মেন্টস শিল্পে নতুন করে প্রতিযোগিতার ভারসাম্য তৈরি হয়েছে, যেখানে বাংলাদেশ আবারও কিছুটা এগিয়ে যেতে পারে।
সূত্র: আপস্টক্স