সারাবিশ্ব

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানজুড়ে পিটিআই’র বিক্ষোভ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১০:৪৯ পিএম

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানজুড়ে পিটিআই’র বিক্ষোভ
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (৫ আগস্ট) পাকিস্তানের বিভিন্ন শহরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এদিন ছিল ইমরান খানের কারাবরণের দ্বিতীয় বর্ষপূর্তি। সেই উপলক্ষে পিটিআই এই দিনটিকে তাদের আন্দোলনের প্রতীকী সূচনার দিন হিসেবে ঘোষণা করে।

লাহোরে আয়োজিত বিক্ষোভে পুলিশ হস্তক্ষেপ করলে অন্তত ছয়জন প্রাদেশিক পরিষদ সদস্য (এমপিএ) গ্রেফতার হন। তারা হলেন ফারুক জাভেদ মুন, কর্নেল শোয়েব, নাদিম সাদিক ডোগার, খাজা সালাহউদ্দিন, আমিনুল্লাহ খান ও ইকবাল খট্টক। এছাড়াও বিরোধীদলীয় উপনেতা মইন কুরেশিকেও আটক করা হয়।

পিটিআই দাবি করেছে, শুধু লাহোরেই প্রায় ৩০০ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং দলের শীর্ষ নেতাদের বাড়িতে পুলিশ অভিযান চালাচ্ছে। পিটিআই পাঞ্জাব শাখা জানিয়েছে, তাদের কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং বিশেষ করে বয়স্ক সমর্থকদের হয়রানি করা হচ্ছে। দলটির ইসলামাবাদ শাখা জানিয়েছে, রেহানা ইমতিয়াজ দার নামক এক নারী নেত্রীকে জোরপূর্বক আইওয়ান-ই-আদল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

পিটিআই নেতা আসাদ কায়সার বলেছেন, এই আন্দোলন কেবল শুরু, এটিকে চূড়ান্ত আহ্বান হিসেবে নয় বরং ধারাবাহিক আন্দোলনের সূচনা হিসেবে দেখতে হবে। তিনি বলেন, "আমরা সমাজের সব শ্রেণির মানুষকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা তাদের অধিকার নিয়েই আওয়াজ তুলছি।"

এদিকে সরকার এই আন্দোলনকে ‘অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র’ হিসেবে আখ্যায়িত করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। সেখানে ১০ আগস্ট পর্যন্ত চারজনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

২০২৩ সালের ৫ আগস্ট দুর্নীতির এক মামলায় ইমরান খানকে কারাগারে পাঠানো হয়। সেই ঘটনার বর্ষপূর্তিতে এবার পিটিআই দেশব্যাপী তাদের আন্দোলনের নতুন রূপরেখা ঘোষণা করেছে। আন্দোলন চলমান থাকবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।