জাতীয়
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩২৭
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩২৭ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া সাতজনের মধ্যে পাঁচজন ঢাকা বিভাগের, একজন ময়মনসিংহ বিভাগের এবং একজন বরিশাল বিভাগের বাসিন্দা।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৭ জনে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৭৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৯৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহভাজন হাম আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৫৭০ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ১২৮ জন। ফলে দেশে এ পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৮৪০ জনে।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে মোট ১ লাখ ৮৫ হাজার ৩৯০ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৭ হাজার ৬৯৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য পর্যায়ে রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আক্রান্তদের শনাক্তকরণ, চিকিৎসা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যসেবার কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।