সারাবিশ্ব
'শাস্তি' হিসেবে ভারতের ওপর শুল্ক ৫০ শতাংশ করলেন ট্রাম্প
রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতের ওপর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৬ আগস্ট) এক নির্বাহী আদেশে তিনি ঘোষণা দেন, ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হচ্ছে। এতে মোট শুল্কের হার দাঁড়াল ৫০ শতাংশে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পটভূমিতে ভারতের অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করে এ সিদ্ধান্ত নেন ট্রাম্প। এর আগে ৪ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, “ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল কিনছে এবং সেই তেল আন্তর্জাতিক বাজারে উচ্চ দামে বিক্রি করে মোটা অঙ্কের লাভ করছে। তারা রুশ যুদ্ধযন্ত্রকে পরোক্ষভাবে সহযোগিতা করছে, অথচ ইউক্রেনের প্রাণহানির বিষয়ে তাদের কোনো উদ্বেগ নেই।”
তিনি আরও লিখেছিলেন, “এই অনৈতিক মুনাফার জন্য ভারতকে শাস্তি পেতেই হবে। তাই ভারতের ওপর আরোপিত শুল্ক আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”
তবে সেই পোস্টে তখন নতুন শুল্কের হার নির্ধারণ করা হয়নি। আজকের নির্বাহী আদেশে তা নিশ্চিত করা হলো।
বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য সম্পর্কে উত্তেজনা তৈরি হতে পারে। ভারত এখনো এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
বিশ্ববাজারে জ্বালানি ও ভূরাজনৈতিক ভারসাম্যের প্রেক্ষাপটে এই ঘোষণা নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞরা।