সারাবিশ্ব
ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত ‘অন্যায় ও অগ্রহণযোগ্য’: ভারত
ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক বসিয়ে মোট ৫০ শতাংশে উন্নীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখার ‘শাস্তি’ হিসেবে নেওয়া এই সিদ্ধান্তকে “অন্যায়, অযৌক্তিক ও পুরোপুরি অগ্রহণযোগ্য” বলে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।
বুধবার (৬ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “ভারতের জ্বালানি আমদানির নীতিমালা তার অভ্যন্তরীণ প্রয়োজন ও বাজার পরিস্থিতির ওপর নির্ভর করে। ১৪০ কোটির বেশি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি অপরিহার্য। বিশ্বের বহু দেশই একই ধরনের পদক্ষেপ নিচ্ছে, কিন্তু একমাত্র ভারতকে লক্ষ্য করে এভাবে শুল্ক আরোপ করা অত্যন্ত দুঃখজনক।”
বিবৃতিতে আরও বলা হয়, “এই সিদ্ধান্ত শুধু অনুচিতই নয়, বরং সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য নয়। জাতীয় স্বার্থ রক্ষায় ভারত প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত।” ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য প্রকাশ করেছে দেশটির শীর্ষ সংবাদমাধ্যম এনডিটিভি।
নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর মোট ৫০ শতাংশ আমদানি শুল্ক দিতে হবে—যা চীনের তুলনায় ২০ শতাংশ এবং পাকিস্তানের তুলনায় ২১ শতাংশ বেশি।
এক নির্বাহী আদেশে ট্রাম্প লিখেছেন, “আমি মনে করি ভারতের সরকার রাশিয়া থেকে সরাসরি বা পরোক্ষভাবে তেল আমদানি করছে, যা যুদ্ধাপরাধে অভিযুক্ত পুতিনের সরকারকে অর্থায়নে সাহায্য করছে। তাই ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা প্রয়োজন।”
এছাড়া শুধু ভারত নয়, রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখা অন্যান্য দেশগুলোর বিরুদ্ধেও শিগগিরই একই ধরনের বাণিজ্যিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।