সারাবিশ্ব
দিল্লিতে সম্রাট হুমায়ুনের সমাধির গম্বুজ ধসে নিহত ৫, ভেতরে আটকা অনেকে
ভারতের রাজধানী দিল্লিতে ঐতিহাসিক হুমায়ুনের সমাধি চত্বরের একটি গম্বুজ হঠাৎ ধসে পড়েছে। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন আরও অনেকে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে দিল্লির নিজামুদ্দিন এলাকায় এ ঘটনা ঘটে। এনডিটিভি ও পিটিআই জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে সমাধির একটি গম্বুজ হঠাৎ করে ভেঙে পড়ে। ছুটির দিন হওয়ায় এ সময় বহু দর্শনার্থী সমাধি চত্বরে অবস্থান করছিলেন।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দ্রুত উদ্ধারকাজে নামে। পুলিশ জানায়, ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু হয় এবং এখনও অনেকে ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
সম্রাট হুমায়ুন, মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট, বাবর মৃত্যুর পর ১৫৩০ সালে সিংহাসনে বসেন। শের শাহ সুরির কাছে সাময়িক পরাজয়ের পর পারস্যে নির্বাসিত জীবন কাটিয়ে তিনি পুনরায় ভারত জয় করেন। তবে সাম্রাজ্য ফিরে পাওয়ার এক বছরের মধ্যেই একটি দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
তার মৃত্যুর পর প্রথম স্ত্রী বেগা বেগম (হাজি বেগম) ১৫৬৫ সালে দিল্লিতে এই সমাধি নির্মাণের উদ্যোগ নেন। পারস্যের স্থপতি মিরাক মির্জা গিয়াস এর নকশা প্রণয়ন করেন।
দিল্লির হুমায়ুনের সমাধি ভারতীয় উপমহাদেশে নির্মিত প্রথম ‘বাগান-সমাধি’। পারস্যের ‘চারবাগ’ নকশায় নির্মিত এই স্মৃতিস্তম্ভ তৈরি হয় লাল বেলেপাথর ও সাদা মার্বেল দিয়ে। সমাধির স্থাপত্য পরবর্তী মুঘল স্থাপত্যের উপর ব্যাপক প্রভাব ফেলে। এর সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হলো তাজমহল।
এই সমাধিক্ষেত্রকে ‘মুঘল রাজবংশের নেক্রোপলিস’ বলা হয়, কারণ এখানে প্রায় ১৫০ জন মুঘল সদস্যের কবর রয়েছে। ১৯৯৩ সালে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি লাভ করে।