সারাবিশ্ব

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে থানায় বিস্ফোরণে নিহত ৭


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১১:০০ এএম

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে থানায় বিস্ফোরণে নিহত ৭
ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের শ্রীনগরের নোগাম থানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) মধ্যরাতে থানায় জব্দকৃত বিস্ফোরক থেকে বিস্ফোরণ হয়, যাতে সাতজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় একটি সূত্র।

নিহতদের মধ্যে বেশিরভাগই পুলিশ সদস্য এবং ফরেনসিক দলের সদস্য। তারা থানায় বিস্ফোরক পরীক্ষা-নিরীক্ষা করার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের মধ্যে শ্রীনগর প্রশাসনের দুই কর্মকর্তা রয়েছেন।

আহতদের স্থানীয় সেনাবাহিনীর ৯২ ঘাঁটি হাসপাতাল এবং শের-ই-কাশ্মির ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়েছেন এবং পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, ওই থানার পুলিশ সদস্যরা সম্প্রতি একটি সশস্ত্র গোষ্ঠী জইস-ই-মোহাম্মদ সম্পর্কিত পোস্টার উদ্ধার এবং বিতরণে জড়িত থাকার সন্দেহে তৎপর ছিল। পোস্টারগুলোর মাধ্যমে নিরাপত্তা বাহিনী এবং কাশ্মিরে বহিরাগতদের ওপর বড় হামলার হুমকি দেয়া হয়েছিল। এই পোস্টারের সূত্র ধরেই বিস্ফোরক উদ্ধার করা হয়।

গত অক্টোবরে, আদিল আহমেদ রাথ নামক এক চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি ওই পোস্টারগুলো লাগাচ্ছিলেন, যা দিল্লিতে আত্মঘাতী বোমা হামলার হুমকি দিয়েছিল। তার গ্রেপ্তারের পর একটি নেটওয়ার্কের সন্ধান পাওয়া যায়, যারা দিল্লিতে হামলা চালিয়ে ১৩ জনকে হত্যা করেছিল।