সারাবিশ্ব

ট্রাম্প কি মাদুরোর মতো মোদিকেও তুলে নেবেন, কংগ্রেস নেতার বিস্ফোরক মন্তব্য


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৫:৩৮ পিএম

ট্রাম্প কি মাদুরোর মতো মোদিকেও তুলে নেবেন, কংগ্রেস নেতার বিস্ফোরক মন্তব্য
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে যা ঘটেছে, তেমন পরিস্থিতি কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষেত্রেও তৈরি হতে পারে-এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের বিরোধীদল কংগ্রেসের প্রভাবশালী নেতা পৃথ্বীরাজ চবন। তাঁর এই মন্তব্য ঘিরে ভারতের রাজনৈতিক অঙ্গনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সময় গত শনিবার ভোরে মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলায় সামরিক হামলা চালিয়ে চলচ্চিত্রের মতো অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। এই ঘটনার প্রেক্ষাপটেই কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তোলেন-ভেনেজুয়েলায় যা ঘটেছে, তেমন কিছু কি ভারতে ঘটতে পারে? ট্রাম্প কি ভারতের প্রধানমন্ত্রীকে অপহরণ করবেন?

চবনের এমন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন মহল। জম্মু-কাশ্মির পুলিশের সাবেক মহাপরিদর্শক এসপি বৈদ এই বক্তব্যকে পুরো দেশের জন্য অপমানজনক আখ্যা দেন। তিনি বলেন, একটি সার্বভৌম ও পারমাণবিক শক্তিধর দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন ও অগ্রহণযোগ্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে বহু ব্যবহারকারী পৃথ্বীরাজ চবনের বক্তব্যকে ‘ব্রেন ডেড’, ‘অশিক্ষিত’ ও ‘মূর্খতাপূর্ণ’ বলে কটাক্ষ করেছেন। অনেকেই মন্তব্য করেছেন, ভারতের মতো একটি শক্তিশালী রাষ্ট্রের ক্ষেত্রে এ ধরনের তুলনা হাস্যকর এবং রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত।

দীর্ঘ রাজনৈতিক জীবনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা পৃথ্বীরাজ চবন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বাণিজ্যনীতির সমালোচনাও করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করে, তাহলে বাস্তবে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যত বন্ধ হয়ে যাবে। বিশেষ করে ভারত থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

চবনের ভাষ্য, “সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করা সম্ভব না হওয়ায় শুল্ককে বাণিজ্য বন্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এর নেতিবাচক প্রভাব ভারতের অর্থনীতির ওপরই পড়বে।” তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে রপ্তানি থেকে যে মুনাফা ভারত আগে পেত, তা আর পাওয়া যাবে না। ফলে ভারতকে বিকল্প বাজার খুঁজতে হবে এবং সেই প্রচেষ্টা ইতোমধ্যেই শুরু হয়েছে।

ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পৃথ্বীরাজ চবন বলেন, “ট্রাম্প ভেনেজুয়েলার সঙ্গে যা করেছেন, ভারতের সঙ্গেও যদি তেমন কিছু করার চেষ্টা করেন, তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে?”

কংগ্রেস নেতার এই মন্তব্য ঘিরে ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের আগুন জ্বলছে।

সূত্র: এনডিটিভি