রাজধানী

উত্তরায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ, তৃতীয় দিনেও বন্ধ যান চলাচল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১২:০১ পিএম

উত্তরায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ, তৃতীয় দিনেও বন্ধ যান চলাচল
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি ও সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণসহ বিভিন্ন দাবিতে টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। তাদের অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আজমপুর ও রাজলক্ষ্মী এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে উত্তরা থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত বিভিন্ন স্থানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালেও শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান। সকাল থেকে সড়কে তাদের অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, সাধারণ যাত্রী ও পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে বর্তমান মজুরি দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এর পাশাপাশি অনেক শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ না হওয়ায় তারা আর্থিক সংকটে রয়েছেন। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও প্রত্যাশিত সমাধান না পাওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

শ্রমিকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে বকেয়া বেতন দ্রুত পরিশোধ, মজুরি বৃদ্ধি এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণ। এসব দাবি বাস্তবায়নের জন্য তারা আজমপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার সকালেও একই কর্মসূচি অব্যাহত রাখেন তারা।

এদিকে, সড়কে যান চলাচল স্বাভাবিক করা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে শিল্প পুলিশ ও থানা-পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছেন। তারা আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা করে অবরোধ প্রত্যাহারের চেষ্টা করছেন।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যাননি। ফলে আজমপুর ও রাজলক্ষ্মী এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়নি। দীর্ঘ যানজটের কারণে ওই পথে চলাচলকারী যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের দুর্ভোগ অব্যাহত রয়েছে। শ্রমিকদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন আন্দোলনকারীরা।