সারাবিশ্ব
ভারতে মুসলিম প্রেমিক ও হিন্দু প্রেমিকাকে হত্যা করে মাটিচাপা, তরুণীর ভাই গ্রেফতার
ভারতে ভিন্ন ধর্মের প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে মুসলিম যুবক ও হিন্দু তরুণীকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। দেশটির উত্তরপ্রদেশের মোরাদাবাদে সংঘটিত এ ঘটনায় তরুণীর ভাইদের জড়িত থাকার অভিযোগে পুলিশ তাদের গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
পুলিশের তথ্য অনুযায়ী, নিহত মুসলিম যুবকের নাম আরমান (২৭)। তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন এবং সম্প্রতি দেশে ফিরে মোরাদাবাদে অবস্থান করছিলেন। এ সময় ২২ বছর বয়সী কাজল নামের এক হিন্দু তরুণীর সঙ্গে তার পরিচয় হয়, যা পরে প্রেমের সম্পর্কে রূপ নেয়। তবে ধর্মীয় ভিন্নতার কারণে কাজলের পরিবার, বিশেষ করে তার ভাইয়েরা এই সম্পর্ক মেনে নেয়নি।
প্রায় তিন দিন আগে আরমান ও কাজল নিখোঁজ হন। পরে আরমানের বাবা হানিফ থানায় সাধারণ ডায়েরি করেন। তদন্তে পুলিশ জানতে পারে, একই সময়ে কাজলও নিখোঁজ ছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় কাজলের ভাইদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে বলে পুলিশ দাবি করেছে।
অভিযুক্তদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় মাটি খুঁড়ে দুইজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যায় ব্যবহৃত একটি কোদালও জব্দ করা হয়েছে।
মোরাদাবাদের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ সতপাল অন্তিল জানান, তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে তরুণীর ভাইয়েরাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের স্বীকারোক্তির পর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।
এ ঘটনায় কাজলের তিন ভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে দু’জন বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কোনো ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা নেই বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, নিহত আরমানের বোন এনডিটিভিকে জানিয়েছেন, কাজলের সঙ্গে তার ভাইয়ের সম্পর্কের বিষয়ে পরিবার আগে অবগত ছিল না। তিনি জানান, আরমান চার বছর সৌদি আরবে থাকার পর তিন মাস আগে দেশে ফিরেছিলেন।