সারাবিশ্ব

পচা ডিম ও টমেটো ছোড়ার আশঙ্কায় মমতার জরুরি বৈঠক বাতিল


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১১:২৪ পিএম

পচা ডিম ও টমেটো ছোড়ার আশঙ্কায় মমতার জরুরি বৈঠক বাতিল
ছবি: সংগৃহীত

বিধানসভা নির্বাচনে বড় ধাক্কার পর তৃণমূল কংগ্রেসের অন্দরে চরম অস্থিরতা বিরাজ করছে। জনরোষ ও দলীয় জনপ্রতিনিধিদের নিরাপত্তা শঙ্কার মধ্যে নজিরবিহীন সংকটে পড়েছে দলটি। এই পরিস্থিতিতে রোববার (৭ জুন) কলকাতা পুরসভার কাউন্সিলরদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শেষ মুহূর্তে সেই বৈঠক বাতিল করা হয়েছে।

দলীয় কার্যালয় থেকে ইতোমধ্যে কাউন্সিলরদের কাছে বৈঠক বাতিলের নোটিশ পাঠানো হয়েছে। সূত্র জানায়, নির্বাচনে ক্ষমতা হারানোর পর রাজ্যের বিভিন্ন এলাকায় তৃণমূলের কাউন্সিলররা বিক্ষোভের মুখে পড়ছেন। নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে অনেকেই বৈঠকে অংশ নিতে অনাগ্রহ দেখান।

এছাড়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশঙ্কা করা হচ্ছিল, ক্ষুব্ধ জনতা কাউন্সিলরদের লক্ষ্য করে পচা ডিম ও টমেটো নিক্ষেপ করতে পারে। এমন পরিস্থিতিতে ঝুঁকি এড়াতেই বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে বৈঠক স্থগিত হলেও কলকাতা পুরসভার নিয়ন্ত্রণ ধরে রাখতে তৎপর রয়েছে তৃণমূল। নতুন মেয়র নির্বাচনের প্রক্রিয়া চালিয়ে যেতে গোপন পরিকল্পনা নেওয়া হয়েছে। শহরের অজ্ঞাত ও নিরাপদ স্থানে ছোট ছোট দলে কাউন্সিলরদের ডেকে নতুন মেয়রের নাম প্রস্তাব ও স্বাক্ষর সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এর আগে শুক্রবার মেয়র ফিরহাদ হাকিম পদত্যাগ করেন। এরপর শনিবার নতুন রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা পুরসভাকে নোটিশ পাঠানো হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার জানতে চেয়েছে, মেয়রের পদত্যাগের পর কেন বর্তমান বোর্ড ভেঙে দেওয়া হবে না।

ফিরহাদ হাকিমসহ মেয়র পরিষদের এক সদস্য ও কয়েকজন বোরো চেয়ারম্যানের পদত্যাগে বোর্ডটি এখন গভীর সংকটে রয়েছে। এ নিয়ে পুরসভার চেয়ারপারসন মালা রায় ও পৌর ও নগরোন্নয়ন দপ্তরের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে, যা আইনি জটিলতারও সৃষ্টি করেছে।

উল্লেখ্য, ৪ মে নির্বাচনের ফল ঘোষণার পর দুর্নীতি, চাঁদাবাজি ও নারী সংশ্লিষ্ট অভিযোগে কলকাতা পুরসভার অন্তত আটজন তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে।

এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই সোমবার দিল্লিতে বিরোধী জোটের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন।

সূত্র: ইটিভি ভারত